নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। চলচ্চিত্রটি এবারের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। গতকাল দুপুরে নির্মাতা নিজেই একটি ফেসবুক পোস্টে এ আনন্দের খবর জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘উৎসবের ৫০তম আসরে জায়গা পাওয়াটা আমাদের জন্য ভীষণ আনন্দের। সিনেমাটি সাদরে গ্রহণ করার জন্য উৎসবের সিলেকশন কমিটিকে আন্তরিক ধন্যবাদ।’ উৎসবের ৫০তম আসর আগামী ৫ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আদনান আল রাজীব জানান, সেই দিন টরন্টোয় পৌঁছবেন তিনি, সঙ্গে থাকবেন সিনেমার নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু ও শিল্প নির্দেশক শিহাব নূরুন নবী। এর আগে ‘আলী’ ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে বিশেষ উল্লেখ (স্পেশাল মেনশন) পেয়েছে। এছাড়া ৭৩তম মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি নির্বাচিত হয়েছে, যা ৭ আগস্ট শুরু হয়ে ২৪ আগস্ট শেষ হবে। ‘আলী’ সিনেমার গল্পটি উপকূলীয় এক শহরের প্রেক্ষাপটে নির্মিত, যেখানে নারীদের গান গাইতে দেয়া হয় না। সিনেমার কেন্দ্রে এক কিশোরের গান প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং শহর ত্যাগের আকাঙ্ক্ষা রয়েছে, যা নিয়েই রহস্যময় এক আবহ তৈরি হয়েছে। আলী চরিত্রে অভিনয় করেছেন নোয়াখালীর আল আমিন, তার মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা।

চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো। মূল প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্যাটালগ’, যার প্রতিষ্ঠাতা আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনো। আদনান জানান, গত বছর চার বন্ধু মিলে প্রতিষ্ঠানটি গড়েছিলেন এবং ‘আলী’ তাদের প্রথম প্রযোজনা।