টিভি নাটকের অন্যতম দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার সঙ্গে অনেকেই অভিনয় করে জুটিতে পরিণত হয়েছিলেন। তারিন, মম, মেহজাবীন, তানজিন তিশা, সাবিলা নূর তাদের মধ্যে অন্যতম। সে ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন তানজিম সাইয়ারা তটিনী। মাত্র দুটি নাটক প্রচারের পরই অপূর্ব-তটিনী জুটির প্রতি দর্শকের প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে। তাদের অভিনীত প্রথম নাটক ঈদুল ফিতরে প্রচার হয়েছে। ‘এসো হাত বাড়াও’ নামের নাটকটির রচয়িতা গোলাম সারোয়ার অনিক। পরিচালক মো. মেহেদী হাসান জনি। নাটকটি ইউটিউবে প্রকাশের পর থেকে এখন পর্যন্ত ৪২ লাখ ভিউ পেয়েছে। অপূর্বর সঙ্গে নবাগত অভিনেত্রী হিসেবে তটিনীর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক।

এছাড়া ঈদে প্রচার হয়েছিল জাকারিয়া শৌখিন পরিচালিত ‘পথে হলো পরিচয়’। ঈদে বাংলাভিশনে প্রচারের পর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় কিছুদিন আগে। নাটকটিও ইউটিউবে দর্শকপ্রিয়তা পেয়েছে। মুক্তির তিনদিনেই নাটকটি ১৮ লাখ ভিউ পেয়েছে। কমেন্ট সেকশনে দর্শক প্রশংসা করছেন এ জুটির। তটিনীর অভিনয় নিয়ে দর্শক বেশ ইতিবাচক মন্তব্য করছেন। দর্শকের ভালোবাসাকে ভীষণভাবে উপভোগ করছেন তটিনীও।

তটিনী প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘তটিনীকে দর্শক সাদরে গ্রহণ করে নিয়েছেন। তটিনী সত্যিকার অর্থেই খুব সিরিয়াস টাইপের একজন অভিনেত্রী। একটি দৃশ্যে অভিনয় করার পর যদি সে নিজে তৃপ্ত না হয়, সে তার চেষ্টাটা চালিয়ে যায়। অভিনয় শেখার আগ্রহ তার প্রবল ও ভীষণ মনোযোগী। তটিনী যদি এমনই থাকে তাহলে তার অনেক সম্ভাবনা রয়েছে। আর দর্শকের প্রিয় হয়ে ওঠা এটা একটা আশীর্বাদও বটে।’

তটিনী বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে প্রথম অভিনয় করতে অনেক নার্ভাস ছিলাম। এরই মধ্যে কয়েকটি নাটকে কাজ করা হয়েছে। এখন বরং এটা নিশ্চিন্ত থাকি যে ভাইয়া আছেন, কাজটা নিঃসন্দেহে অনেক ভালো হবে। প্রত্যেকটি দৃশ্য ধারণের আগে রিহার্সেলে তিনি ভীষণ সহযোগিতা করেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, শিখছি। এটাই অনেক বড় প্রাপ্তি।’

যে জনপ্রিয়তা তৈরি হচ্ছে তা ধরে রাখতে চান দুজনেই। এর মধ্যে নতুন নাটকেও অভিনয় করছেন এ জুটি। নাজমুল রনির পরিচালনায় ‘রাতের শেষে’ নাটকের শুটিং করছেন তারা।