নন্দিত অভিনেত্রী রিচি সোলায়মান সম্প্রতি অভিনয় করেছেন একটি ব্যতিক্রমী নাটকে—নাম ‘কেন দেখা হলো না’। হৃদয়ের অতৃপ্ত অপেক্ষা আর দেখা না হওয়ার অভিমানী গল্পে নির্মিত এ নাটক প্রকাশের পর পরই দর্শকের ভালোবাসা পাচ্ছেন।
নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও পরিচালনা করেছেন মো. আব্দুল্লাহ আল হারুন। রিচির পাশাপাশি এতে আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, মীর রাব্বি ও মাহিমা।
রিচি বলেন, ‘এ নাটকের গল্প আমার কাছে আলাদা মনে হয়েছে। এখন প্রায় একই ধরনের গল্প দেখি। কিন্তু এখানে একটা হারিয়ে যাওয়া সময়ের গন্ধ আছে, একটা না-পাওয়ার ব্যথা আছে, এ কারণেই এতে কাজ করেছি।’
বর্তমান সময়ে নাটকে কাজ করার ক্ষেত্রে তিনি গল্প ও চরিত্র ভালোভাবে বোঝার ওপর জোর দেন। নির্মাতাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দর্শককেও নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন এ জনপ্রিয় অভিনেত্রী।
পেশাগত ব্যস্ততার বাইরেও রিচি থেমে নেই। গত বছর তিনি চালু করেছেন নিজের বিউটি লাউঞ্জ—‘ইটারনাল বিউটি লাউঞ্জ’। এর উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব।
তবে কিছু কাজ বাস্তবায়ন না হওয়ার আক্ষেপও রয়ে গেছে তার। ইমরাউল রাফাতের নাটক ‘পরস্পর’-এ কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।
বর্তমানে রিচি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন স্বামী ও সন্তানের সঙ্গে। তবে প্রবাসে থেকেও পারিবারিক অনুভূতি তাকে গভীরভাবে ছুঁয়ে যায়। গত ২৭ জুলাই ছিল তার মা হোসনা সোলায়মানের জন্মদিন। পাশে থাকতে না পারার ব্যথায় সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালে ‘আলী রূপা ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে রিচির মা পেয়েছেন ‘মা পদক’ সম্মাননা।










