আইটেম গার্ল হিসেবে বলিউডের প্রথম সারির তারকা নোরা ফাতেহি। অভিনয়, মডেলিং আর নাচে অনবদ্য এ অভিনেত্রী। সম্প্রতি টেলিভিশন রিয়েলিটি শো প্রোগ্রাম ড্যান্স দিওয়ানে জুনিয়রে অংশ নিয়েছেন তিনি। হালকা গোলাপি রঙের মডি গাউনের সঙ্গে ডিওরের সাদা রঙের মিনি হ্যান্ড ব্যাগ নিয়ে হাজির হন নোরা। তার ব্যাগটির মূল্য ভারতীয় মুদ্রায় ৪ লাখ রুপি।  

ফ্যাশন নিয়ে সচেতন নোরা। বেশির ভাগ সময়ই তিনি বিশ্বসেরা ডিজাইনারদের ডিজাইন করা পোশাকে ক্যামেরাবন্দি হন। টেলিভিশন প্রোগ্রামটিতেও নোরা বেছে নিয়েছিলেন ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার গৌরী ও নৈনিকার ডিজাইন করা পোলকা-ডটের মিডি গাউন। হালকা গোলাপি রঙের পোশাকটিতে কালো পোলকা ডট কিছুটা ভিনটেজ লুক দিচ্ছিল। ওয়ান শোল্ডার নেকলাইনের পোশাকটির সঙ্গে ছিল একই কাপডের চওড়া বেল্ট। নোরার গাউনটির ঘের ছিল নজরকাড়া। হাল ফ্যাশনের রফেলসে ডিজাইন ছিল গাউনটির গলা আর নিচের ঘেরে। পোশাকের সঙ্গে মিল রেখে একজোড়া গোলাপি হাই হিল বেছে নিয়েছিলেন এ তারকা। মিডি গাউনে অসাধারণ লাগছিল এ তারকাকে। জমকালো পোশাকের সঙ্গে কেবল মুক্তার দুল ও আংটি পরেছিলেন তিনি। সাজের পূর্ণতা আর আভিজাত্য এনে দিয়েছে বিশ্বসেরা ব্র্যান্ড ডিওরের সাদা মিনি লেডি ব্যাগ। ৪ লাখ রুপির ব্যাগটি সহজেই নজর কাড়ে সবার। বাংলাদেশী টাকায় ব্যাগটির মূল্য সাড়ে ৪ লাখ টাকা। এর আগেও বহুবার ডিওর ব্র্যান্ডের বিভিন্ন পণ্য ব্যবহার করতে দেখা গিয়েছে এ তারকাকে। 

পোশাকের সঙ্গে মিল রেখে মানানসই হালকা মেকআপ করেছিলেন নোরা ফাতেহি। হালকা ব্লাশ, মাশকারা ও গোলাপি লিপস্টিকে সেজেছেন তিনি। খুব সাদামাটাভাবেই খোলা চুলে একপাশে সিঁথি করেছেন। এবারের অসাধারণ লুকে সবাইকে মুগ্ধ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে দারুণ সক্রিয় নোরা। নিজের বারবি লুকের ছবিগুলো শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। তার অনেক ভক্ত সামাজিক মাধ্যমে এ অভিনেত্রীর ছবি শেয়ার করে বলছেন গ্রীষ্মের সেরা লুক।

বলিউডে নাচের জন্য নোরার জুড়ি নেই। তাই এবার নীতু কাপুর ও মারজি পেস্টনজির সঙ্গে রিয়েলিটি শো ড্যান্স দিওয়ানে জুনিয়রের বিচারক হিসেবে দেখা যাবে তাকে। 

 

সূত্র: বলিউড হাঙ্গামা