আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে শিল্পী লায়লা শারমীনের একক চিত্র প্রদর্শনী। গোল্ডেন বেঙ্গল শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এছাড়া বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সেক্রেটারি) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারস অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি শিল্পী লায়লা শারমীনের ১২তম একক চিত্র প্রদর্শনী। তিনি তার সূক্ষ্ম রঙের ব্যবহার ও স্বতঃস্ফূর্ত ব্রাশস্ট্রোকের জন্য বিশেষ পরিচিত। কানাডায় বসবাসরত শিল্পী গত দুই বছর ধরে মিশ্র মিডিয়া ব্যবহার করে কাগজ ও ক্যানভাসে ‘গোল্ডেন বেঙ্গল’ সিরিজের চিত্রগুলোর মাধ্যমে জন্মভূমির সঙ্গে তার মানসিক ও আধ্যাত্মিক একাত্মবোধটি ফুটিয়ে তুলেছেন। টিএস এলিয়ট, জীবনানন্দ দাশ, কান্ট, দেরিদা, ফুকোর সাহিত্য ও দর্শন, এবং বাংলার বিভিন্ন মিথ লায়লাকে তার কাজে অনুপ্রাণিত করে। তার আঁকা ছবিগুলোর মধ্যে ধানক্ষেত, নদী, কচুরিপানা, পাখি, প্রজাপতি, মাছ, কাশফুল, শাপলা, জোনাকি ও আকাশের বিশালতা খুঁজে পাওয়া যায়।
এ প্রদর্শনীতে লায়লা শামীমের নতুন ইনস্টলেশন, রিটার্ন টু নেচারও প্রদর্শিত হবে। শিল্পী তার আঁকা চিত্রগুলো নিয়ে জানান, তিনি চান দর্শক তার শিল্পকর্মগুলো শুধু দেখবে না, বরং নিজেকে এগুলোর সঙ্গে একীভূত মনে করবে। তিনি বন উজাড় ও গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে সচেতনতা তৈরি করতে ও প্রকৃতিতে ফিরে যাওয়ার আহ্বান জানাতে চান। এ প্রদর্শনীতে প্রায় ৩০টি চিত্রকর্ম প্রদর্শিত হবে।
লায়লা শারমীন ৬০টি আন্তর্জাতিক দলীয় প্রদর্শনীতে কাজ করেছেন। ২০১১ সালে তিনি কোরিয়ার সিউলের ওসিআই মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ১৬তম স্পেস ইন্টারন্যাশনাল প্রিন্ট দ্বিবার্ষিকীতে একটি পুরস্কার জিতেছিলেন। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি ২৯ মে পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।










