ছোট পর্দার একসময়ের প্রিয় মুখ মোজেজা আশরাফ মোনালিসা। একসময় প্রতিটি ঘরে ঘরে তিনি ছিলেন পরিচিত ও ভালোবাসার নাম। নিউইয়র্ক প্রবাসী এ অভিনেত্রী সাম্প্রতিক সময়ে অভিনয়, ফটোশুট ও মিউজিক ভিডিওর কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছোটবেলা থেকে নাচ ও পারফর্মিং আর্টসের প্রতি আগ্রহ থাকা মোনালিসা ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করেছেন মিডিয়া জগতে। নিউইয়র্কের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত পারফর্ম করার পাশাপাশি তিনি কাজ করেছেন কয়েকটি শর্টফিল্ম ও বিজ্ঞাপনে। স্বাভাবিক রূপ, সাবলীল অভিনয় আর পর্দায় উপস্থিতির কারণে তরুণ দর্শকের কাছে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছেন। এবার প্রথমবারের মতো সংগীতশিল্পী ও নির্মাতা হৃদয় খানের সঙ্গে জুটি বেঁধে হাজির হচ্ছেন স্বল্পদৈর্ঘ্য ট্র্যাপডে।

ছয় বছর আগে সংগীতশিল্পী হৃদয় খান নির্মাণ করেছিলেন ট্র্যাপড নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। ২০২০ সালে প্রকাশ হয় এর ‘অচেনা’ গানটি। এ গানের কথা, সুর ও কণ্ঠে ছিলেন হৃদয় নিজেই। তবে রহস্যজনক কারণে সিনেমাটি আর মুক্তি পায়নি। চলতি বছরের জুনে আরো একটি গান প্রকাশ করেন তিনি—‘সাদা কালো’। নিউইয়র্কের পথে একাকী হাঁটছেন হৃদয়, এমন ফুটেজে নির্মিত এ গানের ভিডিও আলোচনায় আসে।

অবশেষে মুক্তির অপেক্ষা শেষ হতে যাচ্ছে। শনিবার প্রকাশ হয়েছে ট্র্যাপডের অফিশিয়াল ট্রেলার। হৃদয় খান জানিয়েছেন, ডিসেম্বরেই মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি। যদিও নির্দিষ্ট তারিখ এখনো জানাননি তিনি।

নিউইয়র্কে শুটিং হওয়া এ স্বল্পদৈর্ঘ্যতে পরিচালনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হৃদয় খান। তার বিপরীতে আছেন মোনালিসা ডায়াস। আরো আছেন নিউইয়র্কের কয়েকজন স্থানীয় শিল্পী।

এর আগে মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে অভিনয় করলেও স্বল্পদৈর্ঘ্য নির্মাণে এবারই প্রথম চ্যালেঞ্জ নিয়েছেন হৃদয়। নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই ভিডিওগ্রাফির প্রতি ছিল দুর্বলতা। গান করার আগে থেকেই ভিডিওগ্রাফি শিখেছি, মাঝে মাঝে সম্পাদনা ও কালার গ্রেডিংও করেছি। তবে একই সঙ্গে অভিনয় ও পরিচালনা করা সত্যিই কঠিন। তবু এ অভিজ্ঞতা আমার জন্য অনেক বড় শেখা।’