চলচ্চিত্রের একটি অন্যতম ধারা প্রামাণ্যচিত্র বা প্রামাণ্য চলচ্চিত্র। প্রতি বছরই প্রামাণ্যচিত্র পুরস্কার বিতরণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে প্রামাণ্যকার পর্ষদ। চলতি বছরেও থাকছে এ আয়োজন। আগামী শুক্রবার ঢাকার ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে ‘প্রামাণ্যচিত্র পুরস্কার ২০২২’ শুরু হতে যাচ্ছে। দুই দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।
শুক্রবার বিকাল ৫টায় চলচ্চিত্রাচার্য আলমগীর কবির প্রামাণ্যচিত্র পুরস্কার ২০২২ এবং চলচ্চিত্রকার তারেক মাসুদ প্রামাণ্যচিত্র পুরস্কার ২০২২ দেয়া হবে। এছাড়া প্রামাণ্যচিত্র নির্মাণে বিশেষ অবদানের জন্য চিত্রগ্রাহক ও শিক্ষক মো. মকসুদুল বারীকে আজীবন সম্মাননা দেবে প্রামাণ্যকার পর্ষদ। থাকছে শায়ানের গান। এছাড়া পুরস্কৃত প্রামাণ্যচিত্রগুলোর প্রদর্শনী হবে।
অন্যদিকে শনিবার বেলা ১১টায় থাকবে নির্বাচিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী। বেলা ৩টায় ‘বাংলাদেশে প্রামাণ্যচিত্র চর্চার প্রেক্ষাপট’ শীর্ষক মতবিনিময় সভা হবে এবং নির্বাচিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হবে। বিকাল ৫টায় ব্রাত্য আমিন নির্মিত ‘কোম্পানিদেশ’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে। সৌম্য সরকার ও ব্রাত্য আমিনের যৌথ চিত্রনাট্যে ৩২ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। সন্ধ্যা ৭টায় থাকবে নির্বাচিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। চলচ্চিত্রকার ব্রাত্য আমিন তার নিজস্ব অভিজ্ঞতার আলোকে রূপগঞ্জ থানার মানুষের নিজের ভুবন ‘হারিয়ে ফেলার হাহাকার’ তুলে ধরার চেষ্টা করেছেন ‘কোম্পানিদেশ’ প্রামাণ্যচিত্রে। অন্যদিকে চৈতন্য রাজবংশীর স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘মাটিশ্বর’ দেখানো হবে শনিবার সন্ধ্যা ৭টায়। ব্রাজিলের ‘ফেস্টিভ্যাল ডি সিনেমা অল্টার ডু চাও ২০২২’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে এ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র। কুমারদের জীবনের গল্প দেখানো হয়েছে মাটিশ্বরে।










