মা দিবস উপলক্ষে আজ প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল পরীমণি অভিনীত সিনেমা ‘মা’। তবে শেষ মুহূর্তে এসে পিছিয়ে দেয়া হলো মুক্তির তারিখ। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার। এক সপ্তাহ পিছিয়ে মা মুক্তি পাবে ২৬ মে। প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ পরিবর্তন করা বিষয়ে এ নির্মাতা বলেন, ‘আমাদের সিনেমা ১৯ মে নয়, কান থেকে ফেরার পর ২৬ মে মুক্তি পাবে। কান চলচ্চিত্র উৎসবে ২০ মে মা সিনেমার স্ক্রিনিং। আমরা ২২ মে ঢাকা ফিরব। তারপর ২৬ মে মুক্তি দেয়া হবে প্রেক্ষাগৃহে। মা মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি, এক সপ্তাহ রিলিজ ডেট পিছিয়ে যাওয়ায় আমাদের প্রচার-প্রচারণা ও দর্শক আগ্রহ আরো বৃদ্ধি পাবে।’ বিশ্বের অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসবের একটি কান চলচ্চিত্র উৎসব। এ উৎসবের ৭৬তম আসর শুরু হতে যাচ্ছে ১৬ মে। এবারের উৎসবে আগামীকাল বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা মা। সিনেমাটি অরণ্য আনোয়ারের প্রথম পরিচালিত সিনেমা। 

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে মা সিনেমার গল্প। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি। 

গত অক্টোবরে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায়। অরণ্য পুলকের (এপি) ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ। এরই মধ্যে সিনেমাটি মুক্তির আগে পহেলা বৈশাখ থেকে ঈদুল ফিতর উৎসব পর্যন্ত চলেছে এর বর্ণিল প্রচারণা। প্রকাশ হয়েছে পোস্টার, ট্রেলার, গান ও বিহাইন্ড দ্য স্টোরি।