ঈদের
বিনোদন আয়োজনে বড় অংশজুড়ে থাকে সংগীত। প্রতি বছরই ঈদ সামনে রেখে নানা রকম সংগীত
অনুষ্ঠান,
একক গান ও অ্যালবাম মুক্তি পায়। সিনেমা ও নাটকের পাশাপাশি
ঈদ আয়োজনে ভিন্নমাত্রা যুক্ত করে এসব সংগীতায়োজন। এ বছরও ব্যতিক্রম হচ্ছে না। এবার
প্রথিতযশা শিল্পীদের পাশাপাশি তরুণরাও নিজেদের মতো করে সংগীত আয়োজন নিয়ে আসছেন।
টেলিভিশনের পাশাপাশি গত কয়েক বছরের মতো এ বছরও ইউটিউবে মুক্তি পাবে এসব আয়োজন।
ব্যস্ততার
মধ্যেই নতুন গান নিয়ে কাজ করেছেন মমতাজ বেগম। বেলাল খান প্রযোজিত গানটির নাম ‘বাপের বড় পোলা’। গানটি লিখেছেন
সোমেশ্বর অলি। ‘আব্বে বাপের বড় পোলা/ তার চোখ দুইটা ঘোলা ঘোলা’—এ ধরনের লিরিক মমতাজের কণ্ঠে শ্রোতা মাতাবে নিশ্চিত।
গানটিতে মমতাজের সঙ্গে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর করেছেন বেলাল খান। সংগীতায়োজন
করেছেন আল আমিন ও আদিব। জমজমাট গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এ
গানের মাধ্যমে লোকাল বাস গানের পর কোনো মিউজিক ভিডিওতে পারফর্ম করছেন ফোক
সম্রাজ্ঞী মমতাজ। গানটিতে বেলাল খান ও মমতাজের উপস্থিতি ছাড়াও অভিনয় করেছেন
রেহনুমা মোস্তফা, আলভী জাহেরসহ
একদল নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন। দীর্ঘদিন পর নতুন গান প্রসঙ্গে
মমতাজ বলেন, ‘বেলালের সুরে প্রথমবার গেয়েছিলাম নেকাব্বরের মহাপ্রয়াণ
সিনেমায়। এ সিনেমায় গেয়ে একসঙ্গে দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম।
এবারের গানটি একেবারেই আলাদা। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে অনেকটা পুরান ঢাকার
ভাষার আদলে মজার একটি গান তৈরি হয়েছে। ভিডিওটি করতে গিয়েও অনেক মজা করেছি। আশা
করছি এ ঈদে শ্রোতারা গানটি দিয়ে অন্য রকম আনন্দ পাবেন।’
বাংলাদেশের
প্লেব্যাকের ক্ষেত্রে এন্ড্রু কিশোর কিংবদন্তি। তার কণ্ঠই সর্বাধিক নায়কের ঠোঁটে দর্শক-শ্রোতা উপভোগ করেছেন। এ প্রজন্মের শিল্পী রাজীবের প্রিয় সংগীতশিল্পী
এন্ড্রু কিশোর। স্টেজে নানা সময়েই শ্রোতারা তার কণ্ঠে এন্ড্রু কিশোরের গান শুনতে চান।
এবারের ঈদে দীপ্ত টিভির আয়োজনে এন্ড্রু কিশোরের আটটি গান নিয়ে আসছেন রাজীব। এর মধ্যে
একক গানের পাশাপাশি থাকছে ডুয়েট। ডুয়েটে রাজীবের সঙ্গে পারফর্ম করবেন রন্টি দাস।
সংগীতজগতে
তরুণরা ভালো কাজ করার চেষ্টা করেন। তরুণদের পৃষ্ঠপোষকদের মধ্যে শাফিন আহমেদ
অন্যতম। তিনি নানা সময়ে তরুণ শিল্পীদের সম্ভাবনাকে তুলে ধরেছেন। সে ধারাবাহিকতায়
ঈদ উপলক্ষে তার প্রযোজনা প্রতিষ্ঠান ডাবল বেস থেকে প্রকাশ করা হয়েছে শিল্পী বেনজির
জিলানীর একক গানের ভিডিও। গানের শিরোনাম ‘সে আমায় ডুবায়’। এছাড়া আরো
আসছে পড়শীর কণ্ঠে ‘এই স্বপ্ন’। গানটির কথা ও সুর করেছেন স্বয়ং শাফিন আহমেদ। তিনি বলেন, ‘তরুণ ও
সম্ভাবনাময় শিল্পীদের নিয়ে ধারাবাহিক কাজের অংশ হিসেবে পড়শীর গানটি আসছে।’
সময়ের
সঙ্গে সঙ্গে গানের ধারা বদলে গেছে। দর্শকের পছন্দ বদলেছে। এ সময়ে এসে একক গান ও
মিউজিক ভিডিও বেশ জনপ্রিয়। শিল্পীরা নানা রকম নিরীক্ষা করেন। সুফি ধারার গান নিয়েও
বাংলাদেশে এখন কাজ হয়। এ ধরনের একটি গান নিয়ে এসেছেন সাব্বির নাসির। সুফি ধারার
গান তিনি এই প্রথম করলেন। গানটির নাম ‘কি নেশা’। গানটি লিখেছেন প্লাবন কোরেশী এবং সংগীত পরিচালনা করেছেন
ঋষিকেশ ঋষি। গানটি সম্পর্কে নাসির বলেন, ‘আমার জীবনের একটি বড় সময় সুফি সাধকদের
সঙ্গে কেটেছে। নূরে মোহাম্মদ (সা.) নিয়ে প্লাবন কোরেশীর এ অসামান্য গীতটি শ্রোতাদের স্পর্শ করবে
বলে আমার বিশ্বাস।’
বাংলাদেশে
ইনস্ট্রুমেন্টালের চল বেশি না হলেও এ ধারার শ্রোতা রয়েছে। সমঝদাররা প্রশংসা করেন।
তরুণ গিটারিস্ট অনি হাসান এ ঈদে একটি ইনস্ট্রুমেন্টাল নিয়ে আসছেন। ‘অ্যাডরেনালিন
রাশ’ নামের
ইনস্ট্রুমেন্টালটি ঈদের আগে আগে অনি হাসানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। ভাইব ও
ওয়ারফেইজের সঙ্গে যুক্ত থাকা অনি বর্তমানে স্থায়ীভাবে চীনে বসবাস করেন। সেখান
থেকেই গানটি তৈরি করেছেন তিনি।
ইনস্ট্রুমেন্টালটি
সম্পর্কে অনি বলেন, ‘এটি আমার সবচেয়ে হেভি মিউজিকের গান। ইনস্ট্রুমেন্টালটি সাজানো
হয়েছে এ সময় পর্যন্ত আমার অভিজ্ঞতা ও গিটার নিয়ে এক্সপেরিমেন্টের সব দিকের সমন্বয় ঘটিয়ে।
আমার ভক্ত-শ্রোতারা একেবারেই নতুন কিছু শুনতে
পারবেন বলেই আমার বিশ্বাস।’
ঈদ উপলক্ষে
টেলিভিশন অনুষ্ঠানও কম হচ্ছে না। একাধিক শিল্পীর অংশগ্রহণে এ ধরনের সংগীত আয়োজনগুলো
নব্বইয়ের দশক থেকেই জনপ্রিয়। একটা সময় বাংলাদেশ টেলিভিশনে ছায়াছন্দ হতো। নতুন-পুরনো বাংলা সিনেমার গান নিয়ে সাজানো হতো এ অনুষ্ঠান। এরপর অন্য
অনেক স্যাটেলাইট চ্যানেল এ ধরনের আয়োজন করেছে। তবে সিনেমার গানের তুলনায় শিল্পীদের
সরাসরি অংশগ্রহণে গানের অনুষ্ঠান বেশ জনপ্রিয়। সে ধারাবাহিকতায় দীপ্ত টিভিতে অনুষ্ঠিত
হতে যাচ্ছে নক্ষত্রের গান।
সাতজন শিল্পীর
গান নিয়ে সাজানো হচ্ছে এ আয়োজন। আহমেদ ইমতিয়াজ বুলবুল, শাহনাজ রহমত উল্লাহ, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, লাকী আখান্দ, আলাউদ্দিন আলী ও খালিদ হাসান মিলুকে সম্মান জানানো এবং বর্তমান প্রজন্মের কাছে
তাদের সৃষ্টিশীলতাকে তুলে ধরতে সংগীতানুষ্ঠান আয়োজিত হয়েছে। চ্যানেল আইতে ঈদের পঞ্চম
দিন থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমীরুল
ইসলাম।
শ্রোতা ও
ভক্তদের রীতিমতো সারপ্রাইজ দিয়েছেন জেমস। ১২ বছর পর নতুন গান নিয়ে আসছেন তিনি। রোজার
শেষ দিকে জেমসের নতুন গানের ঘোষণা দেয়া হয়। গত ১২ বছরে সিনেমায় প্লেব্যাক করলেও মৌলিক
কোনো গান নিয়ে হাজির হননি তিনি। নতুন গানের ঘোষণার পর থেকেই জেমসের গান নিয়ে তৈরি হয়েছে
তুমুল আগ্রহ।
গানটি মুক্তি
দেয়ার জন্যও দারুণ একটি সময় বেছে নেয়া হয়েছে। চাঁদরাতে মুক্তি পাবে গানটি। এরই মধ্যে
ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে গানের ট্রেলার। ‘আই লাভ ইউ’ শিরোনামের গানের
মিউজিক ভিডিওতে থাকছেন স্বয়ং ‘গুরু’ জেমস। ২৯ এপ্রিল সন্ধ্যায় ঢাকার গুলশান ক্লাবে নতুন গান নিয়ে
আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন জেমস।
তিনি বলেন, ‘বহুদিন পর নতুন গান বাঁধলাম।
তবে এবার গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্ন। গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে
বেঁধেছি, সুর করেছি, কম্পোজিশন করেছি। এর বিষয়
বৈচিত্র্যে ঠাঁই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সঙ্গে ভক্তদের বয়ে
চলা অপরিসীম ভালোবাসার সম্পর্ক। গানটি ভক্তদের উদ্দেশ্যে গেয়েছি এবং তাদেরকেই উত্সর্গ করছি।’










