প্রভাসের সাম্প্রতিক সিনেমা রাধে শ্যাম দক্ষিণে ব্লকবাস্টার ওপেনিং পেয়েছে। মুক্তির প্রথম দিনেই মোট ৭৯ কোটি রুপি আয় করে সিনেমাটি। অতিমারী-পরবর্তী সময়ে মুক্তির পরপর সর্বোচ্চ আয়কারী সিনেমা রাধে শ্যাম। প্রথম দিনের এ সফল সূচনার পর দ্বিতীয় দিনে সব মিলিয়ে সিনেমাটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। তবে রাধে শ্যাম কেবল দক্ষিণে, বিশেষত তেলেগু ভাষাভাষী অঞ্চলে আয়ের দিক থেকে এগিয়ে আছে। হিন্দি ভাষাভাষী অঞ্চলে সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে না।
বক্স অফিসের হিসাব অনুসারে প্রথম দিনে রাধে শ্যাম তেলেগুভাষী রাজ্যগুলোয় ৩০ কোটি রুপি আয় করেছে। কিন্তু হিন্দিভাষী রাজ্যগুলোয় সিনেমাটির আয় মেরেকেটে মাত্র ৫ কোটি রুপি। সিনেমা মুক্তির আগেই প্রযোজক-বিশ্লেষক গিরীশ জোহর বলেছিলেন, রাধে শ্যাম নিঃসন্দেহে দক্ষিণে ভালো করবে। তবে হিন্দি সিনেমা জনপ্রিয় এমন অঞ্চলে সিনেমাটির আয় হবে সাড়ে তিন-চার কোটি রুপি। তবে ব্যবসা করলেও সমালোচকরা রাধে শ্যাম পছন্দ করেননি। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের সমালোচক শুভ্রা গুপ্তা সিনেমাটিকে এক তারকা রেটিং দিয়েছেন। তিনি মনে করেন, গল্প ও গল্প বলার ধরন দুর্বল এবং প্রভাসের এ চরিত্র করা উচিত হয়নি। তবে সিনেমার প্রচারের সময় প্রভাস বলেছিলেন, একজন অভিনেতা নানা ধরনের চরিত্রেই অভিনয় করতে পারেন। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত রাধে শ্যাম সিনেমায় প্রভাস একজন জ্যোতিষীর চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন পূজা হেগড়ে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










