শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী লোপা হোসেইন। ২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ সংগীতবিষয়ক রিয়ালিটি শোয় শীর্ষ দশে স্থান করে নিয়েছিলেন তিনি। সেই থেকে পেশাগতভাবে গানের ভুবনেও তার যাত্রা শুরু। তখন থেকেই গানে নিয়মিত ছিলেন। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র শিক্ষক কেন্দ্র’তে অনুষ্ঠিত হয়ে গেল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘যোগাযোগ উৎসব ২০২৫’। বেলা ৩টা থেকে রাত পর্যন্ত আয়োজিত এ উৎসবে বিভাগের বহু সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভাগের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে সাংস্কৃতিক পর্বে লোপা হোসেইন সংগীত পরিবেশন করেন। পরিবেশনার শুরুতেই তিনি তার নিজের জনপ্রিয় মৌলিক গান ‘সামান্য সম্বল’ গেয়ে শোনান। নিজের মৌলিক গান দিয়েই ‘যোগাযোগ উৎসব’-এ প্রথম মুগ্ধতা ছড়ান লোপা। গানটি লিখেছেন জুলফিকার রাসেল, সুর করেছেন বেলাল খান। মিউজিক করেছেন মুশফিক লিটু। এরপর তিনি ‘ভালো আছি ভালো থেকো’ গানটি পরিবেশন করেন।
সর্বশেষ জেমসের গাওয়া জনপ্রিয় গান ‘পাগলা হাওয়ার তরে মাটির পিদিম নিভু নিভু করে’ গানটি পরিবেশন করেন এ শিল্পী। শেষ গানের পরিবেশনায় মিলনায়তনে থাকা শিক্ষার্থীরা, বিশেষত বর্তমান শিক্ষার্থীরা লোপার পরিবেশনার সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠে। বহুদিন পর টিএসসি মিলনায়তনের মঞ্চে সংগীত পরিবেশন করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একটু অসুস্থ। তার পরও যোগাযোগ উৎসবে না গিয়ে থাকতে পারলাম না। টিএসসির মঞ্চে দাঁড়িয়ে আসলে পুরনো দিনের কত কত স্মৃতি যে চোখে ভেসে ওঠে, তা বলার মতো নয়। মঞ্চটা আমার প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা। এখানে গান গাইতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। সবাই আমার গানে যেভাবে সাড়া দিয়েছেন, উচ্ছ্বাসে মেতে উঠেছেন, তাতে সত্যিই মুগ্ধ আমি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিবারকে আমাকে এ মঞ্চে গাওয়ার সুযোগ করে দেয়ার জন্য। বহুদিন পর বিভাগের সাবেক শিক্ষার্থীদের অনেকের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগল।’










