ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে আলোচনার আসেন তিনি। নাটকে নিয়মিত কাজ করলেও বড় পর্দায় তার এ আত্মপ্রকাশ ছিল দর্শকের কাছে নতুন এক চমক। বিশেষ করে ‘লিচুর বাগানে’ গানে তার প্রাণবন্ত নাচ, অভিব্যক্তি আর স্ক্রিন প্রেজেন্স দর্শককে মুগ্ধ করে। সিনেমায় উপস্থিতি খুব বেশি না থাকলেও স্বল্প সময়েই নিজের প্রতিভার ছাপ রেখে যান সাবিলা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাণ্ডবে কাজের অভিজ্ঞতা এবং নিজের অনুভূতি খোলামেলা বলেন তিনি। সাবিলা জানান, পরিচালক রায়হান রাফী শুরু থেকেই তার সঙ্গে অত্যন্ত স্বচ্ছ আচরণ করেছেন। সিনেমায় তার উপস্থিতি কম, এ কথা প্রথম দিন থেকেই জানিয়ে রেখেছিলেন পরিচালক। তার পরও রাফী চেয়েছিলেন সাবিলা যেন চরিত্রটি করেন। কারণ সিনেমায় তার দুটি গান আছে, যার একটি পুরোপুরি নাচের ওপর ভিত্তি করে তৈরি। এ গানই সাবিলার নাচের দক্ষতাকে প্রথমবারের মতো বড় পর্দায় তুলে ধরে।

সাবিলা নূর বলেন, ‘পরিচালকের স্বচ্ছতা, সততার পাশাপাশি মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করার এই সুযোগটা হারাতে চাইনি। দুটো গান ছিল। এর মধ্যে একটা পুরোদস্তুর নাচের ওপর ভিত্তি করে বানানো। অনেকেই হয়তো জানেন না আমি একজন নাচের শিল্পী। আমি চেয়েছি এটার মাধ্যমে যদি আমি শুরু করি তাহলে পুরো একটি প্যাকেজ হবে। কারণ, এই ছবিতে শাকিব খান আছেন, রাফীর সিনেমা, সেই সাথে এত বড় বড় অভিনেতা-অভিনেত্রী আছেন, বড় প্রতিষ্ঠান, ঈদে মুক্তি পাচ্ছে—সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে প্যাকেজটা একেবারে ঠিকঠাক প্রথম বাণিজ্যিক সিনেমার জন্য।’

ঈদে মুক্তির পর তাণ্ডব নিয়ে ব্যাপক সাড়া পড়ে যায়। দর্শক-সমালোচকরা সাবিলার সাবলীল অভিনয়, স্বাভাবিক ভাবভঙ্গি ও নাচের দক্ষতার প্রশংসা করেন। নাটকের অভিনেত্রী হিসেবে পরিচিত সাবিলা বড় পর্দায় এসে যেন নিজের অন্য একটি দিক তুলে ধরেন। প্রথম সিনেমায়ই এমন গ্রহণযোগ্যতা তাকে আরো আত্মবিশ্বাসী করেছে বলেও জানান তিনি।