বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ এবার পা রাখছে কানাডার মঞ্চে। ব্যান্ডটির গৌরবময় ৪০ বছর পূর্তি উপলক্ষে কানাডায় শুরু হচ্ছে ‘ওয়ারফেজ লাইভ ইন কানাডা’ কনসার্ট ট্যুর। আয়োজনে রয়েছে এমএনসি এন্টারটেইনমেন্ট।

৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পুরো মাসজুড়ে চলবে এই ট্যুর। শেষ হবে ৩ অক্টোবর। এর মধ্যে ওয়ারফেজ পারফর্ম করবে কানাডার ১০টি বড় শহরে। আয়োজকদের মতে, এ আয়োজন রকসংগীতপ্রেমী প্রবাসী বাংলাদেশী ও আন্তর্জাতিক শ্রোতাদের জন্য একটি বিশেষ উপহার।

এই ট্যুরের অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর টরন্টোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ারফেজ লাইভ ইন টরন্টো’ যা হবে ‘প্রথম বাংলাদেশ ইয়ুথ ফেস্টিভ্যাল’-এর অন্যতম প্রধান আকর্ষণ। আয়োজকরা বলছেন, এটিই হতে যাচ্ছে কানাডায় আয়োজিত সর্ববৃহৎ বাংলা কনসার্ট।

ওয়ারফেজের প্রতিষ্ঠাতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘ওয়ারফেজ ৪০ বছরের পথ পেরিয়েছে—ভাবতেই ভালো লাগে। শুরুতে অনেক সংগ্রাম করতে হয়েছে। এখনো আমরা ভক্তদের ভালোবাসায় টিকে আছি।’

এমএনসি এন্টারটেইনমেন্টের দুই কর্ণধার মোস্তাফিজুর রহমান ও আনিসুর রহমান জানান, প্রবাসী নতুন প্রজন্মের কাছে বাংলা গানকে পৌঁছে দিতে এবং দেশীয় শিল্পীদের বিশ্বমঞ্চে তুলে ধরতেই এ আয়োজন।

বাংলাদেশে এ আয়োজনের প্রচারণা ও স্পন্সরশিপের দায়িত্বে রয়েছে কুল এক্সপোজার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এরশাদুল হক টিংকু জানান, ‘এ আয়োজন শুধু বিনোদন নয়, স্পন্সরদের জন্যও এটি একটি বড় সুযোগ।’