কলকাতায় সিনেমা মুক্তির অন্যতম সময় দুর্গা পূজা। বেশকিছু সিনেমা মুক্তি পাচ্ছে এবারের দুর্গা পূজাকে সামনে রেখে। প্রথম দিকেই থাকছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘টেক্কা’, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’, রাহুল মুখোপাধ্যায়ের একটি সিনেমা, সুরিন্দর ফিল্মসের ‘মিতিন মাসি’ ও পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’। পশ্চিমবঙ্গের বেশকিছু গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, পাভেল পরিচালিত ‘পরাণ যাহা চায়’ নিয়েও আসার চেষ্টা চলছে। সেই হিসেবে এবারের পূজায় আসছে মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব অধিকারী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত সিনেমা। তাদের সঙ্গে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কেও।
উৎসব সামনে রেখে সিনেমা মুক্তি দেয়া সব ইন্ডাস্ট্রিরই ঐতিহ্য। পশ্চিমবঙ্গের জন্য দুর্গা পূজা সবচেয়ে বড় উৎসব। প্রতি বছর তাই এ সময় সিনেমা মুক্তি দেয়া হয়। দিন দিন সিনেমার সংখ্যা বাড়ছে। দর্শকও ভাগ হয়ে যাচ্ছে। দর্শকরা ভিন্ন স্বাদের সিনেমা দেখতে চান। কেউ পারিবারিক, কেউ থ্রিলার কেউ রোমান্টিক সিনেমা পছন্দ করেন। সে কারণেও বেশি সিনেমা মুক্তি পাচ্ছে। সেই সঙ্গে আসে পছন্দের অভিনেতা ও নির্মাতাদের কথা। আলোচনায় থাকা অভিনেতা-নির্মাতাদের সিনেমাই আসে, কেননা দর্শক সে রকমই চায়। তবে তরুণদের সঙ্গে দর্শক প্রবীণদের মুখও ভোলে না।
পূজায় মুক্তি পাওয়া সিনেমায় থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ও। এ নিয়ে তিনি বলেন, ‘সিনেমা কবে মুক্তি পাবে, তা নিয়ে কোনোদিন মাথা ঘামাইনি। সিনেমা নিয়ে এখন আর আলাদা করে আনন্দ বা উত্তেজনার বয়স নেই।’ এর সঙ্গে তিনি যুক্ত করেন তার চাওয়া হলো, দর্শক আবার প্রেক্ষাগৃহে ভিড় করে সিনেমা দেখুক। নানা স্বাদের সিনেমা মুক্তি পাক।
পাভেলের সিনেমায় অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অনির্বাণ চক্রবর্তী, অরুণিমা ঘোষ। পাভেলের সিনেমায় প্রথম একসঙ্গে তারা স্ক্রিন শেয়ার করছেন। আছেন ইন্দ্রনীল সেনগুপ্তও।









