ভারতের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মণি রত্নমের আসন্ন সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন বলিউডের তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কল্কি কৃষ্ণমূর্তির ক্ল্যাসিক তামিল উপন্যাস পোন্নিয়্যান সেলভানের ওপর ভিত্তি করে নির্মাণ করা হবে দুই পর্বের সিনেমা। উপন্যাসের নামেই সিনেমা নির্মাণ করছেন মণি রত্নম। তবে প্রথম পর্বের সংক্ষিপ্ত নাম পিএস ওয়ান। সিনেমাটি চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে।

নিজের ইনস্টাগ্রামে সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন ঐশ্বরিয়া। শাড়ি আর স্বর্ণের গহনায় নতুন রাজকীয় রূপের ঐশ্বরিয়া তার ভক্ত ও সমালোচকদের প্রশংসা পাচ্ছেন। সিনেমাটিতে ক্ষমতালোভী রহস্যময়ী নারী নন্দিনীর চরিত্রে অভিনয় করবেন এ বিশ্বসুন্দরী। পোন্নিয়্যান সেলভানের ইংরেজি অর্থ দ্য সন অব পনি। ঐতিহাসিক উপন্যাস পোন্নিয়্যান সেলভানের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র নন্দিনী, যিনি চোল সাম্রাজ্য ধ্বংস করতে মরিয়া।

দশ শতকের দিকে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের কাহিনী দেখানো হয়েছে এ সিনেমায়। শাসক পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ও ক্ষমতার লড়াই সিনেমার মূল বিষয়। ক্ষমতা পেতে উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক মনোভাবের কারণে সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। সাম্রাজ্য জয় করার জন্য সবাই মরিয়া হয়ে যায়। অবস্থা এতটাই খারাপের দিকে যায় যে গৃহযুদ্ধ আসন্ন হয়। রাজনৈতিক ও সামরিক অস্থিরতার কারণে চোলদের সাম্রাজ্য ক্ষতিগ্রস্ত হয়। সিনেমাটি চোল সাম্রাজ্যের সোনালি যুগের সূচনাকে অনুসরণ করবে।

সিনেমটিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বিক্রম, জয়ম রবি, শরৎ কুমার, জয়রাম, প্রকাশ রাজ, জয়চিত্রাকে দেখা যাবে। অস্কার বিজয়ী এআর রাহমান এর সংগীত পরিচালনা করেছেন। তামিল, হিন্দি, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ঐশ্বরিয়ার সিনেমাটি। 

মাদ্রাজ টকিজ ও লাইকা প্রডাকশন পোন্নিয়্যান সেলভান প্রযোজনা করবে এবং নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন শিব অনন্ত। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেয়া হবে। পোন্নিয়্যান সেলভান উপন্যাসটির প্রথম খণ্ড প্রকাশ পায় ১৯৫০ সালে, এরপর ১৯৫৫ সাল অবধি ধারাবাহিকভাবে পাঁচটি উপন্যাস প্রকাশ পেয়েছিল। 

গুরু, রাবন ও ইরুভার সিনেমায় ঐশ্বরিয়া মণি রত্নমের সঙ্গে কাজ করেছেন। আর এ সবগুলো সিনেমার সংগীত পরিচালক ছিলেন এআর রাহমান। তাই ধারণা করা হচ্ছে পিএসওয়ান বক্স অফিসে তার অবস্থান ধরে রাখতে সফল হবে, আর এর গানগুলোও দীর্ঘ সময় স্থান পাবে দর্শকের হূদয়ে।

ঐশ্বরিয়াকে সর্বশেষ ২০১৮ সালের ফ্যানি খান সিনেমায় দেখা গিয়েছিল। তাই তার নতুন করে আগমন নিয়ে বেশ ভালো সাড়া পড়েছে। পিএসওয়ানের বেশির ভাগ কাজ শেষ হয়েছে। এখন শুধু সিনেমা মুক্তির অপেক্ষা।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস