কিছুদিন পরই ঈদ। দিনটিকে ঘিরে টেলিভিশনের পর্দায় থাকে নানা আয়োজন। এবারের ঈদে দুটি সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করতে যাচ্ছে দীপ্ত টিভি।
ঈদের দ্বিতীয় দিন বেলা ১টায় প্রচার হবে আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় বাংলা সিনেমা ‘কাগজ’। এতে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আইরিন, মাইমুনা মম প্রমুখ।
একজন লেখক, যার একেকটি লেখার জন্ম হয় কোনো না কোনো ঘটনার মধ্য দিয়ে; সে লেখকের জীবনের গল্প নিয়ে তৈরি ‘থ্রিলার-রোমান্টিক’ ঘরানার সিনেমা ‘কাগজ’। এতে লেখকের চরিত্রে অভিনয় করেছেন ইমন। সিনেমাটি নিয়ে বণিক বার্তাকে ইমন বলেন, ‘এ সিনেমায় থ্রিলের সঙ্গে রোমান্টিসিজম রয়েছে। এতে আমি একজন লেখকের চরিত্রে অভিনয় করছি। একজন লেখকের ভাবনায় তার দর্শন উঠে এসেছে এ সিনেমায়। বাংলাদেশের বিখ্যাত একজন লেখকের ভূমিকায় অভিনয় করার চ্যালেঞ্জটা আমাকে নিতে হয়েছে। লেখককে তার জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, পর্দায় সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা ছিল আমার জন্য। আমার বিশ্বাস, দর্শকের সিনেমাটা ভালো লাগবে।’
অন্যদিকে ঈদের তৃতীয় দিন দীপ্ত টিভির পর্দায় বেলা ১টায় প্রচার হবে ফাইসাল আহমেদ ও সানী সানোয়ারের পরিচালনায় বাংলা সিনেমা ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, ঐশী, তাসকিন আহমেদ প্রমুখ।
এ চলচ্চিত্রে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুলিশ, তুলে ধরা হয় অপারেশনে তাদের বীরত্ব ও সাহসিকতা। অ্যাকশনধর্মী থ্রিলার পছন্দ করেন যেসব দর্শক, তাদের জন্যই মিশন এক্সট্রিম ২। ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’। পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। গত ১৩ জানুয়ারি দেশের ৪৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ব্ল্যাক ওয়ার। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেয়া হয়।










