সদ্য মুক্তি পেয়েছে রায়ান রেনল্ডস অভিনীত ও শন লেভি পরিচালিত সিনেমা দি অ্যাডাম প্রজেক্ট। মুক্তির পর বেশ প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। সিনেমায় মার্ক রুফালো, জেনিফার গার্নার ও জো সালডানার মতো জনপ্রিয় তারকারা রয়েছেন। তবে রায়ান রেনল্ডসের সঙ্গে শন লেভির সম্পর্কটা অন্য রকম হয়ে উঠেছে। এর আগে রায়ান শন লেভির সঙ্গে ফ্রি গাই সিনেমাটি নির্মাণ করেছিলেন। সম্প্রতি জানা গেছে ডেডপুল থ্রিও শন লেভি পরিচালনা করবেন। এর মধ্যে করণ জোহরের সঙ্গে লেভির একটি আলোচনায় অ্যাডাম প্রজেক্ট সিনেমা নিয়ে বেশকিছু কৌতূহলোদ্দীপক বিষয় উঠে এসেছে। শন লেভি ও করণ জোহরকে একসঙ্গে দেখা যাবে, সেটা অনেকে কখনো না ভাবলেও অনুষ্ঠানটি বেশ জমে উঠেছিল। সেখানেই জানা গেল রায়ান নিজে একটি দৃশ্যের পুনর্লিখন করেছিলেন।
লেভি নিজের সিনেমা এবং সিনেমার পেছনে তার উদ্দেশ্য নিয়েও কথা বলেন। তিনি বলেন, সিনেমার মাধ্যমে দর্শককে একটি বিশেষ অনুভূতি দিতে চান। চিন্তাধারা বা কোনো তত্ত্ব প্রচার করার ইচ্ছা তার নেই। নিরেট একটি গল্প বলতে চান, যার সঙ্গে তার দর্শকরা নিজেকে সহজে যুক্ত করতে পারবে। এসব প্রসঙ্গে কথা বলতে গিয়ে করণ ও লেভি বেশ মজার মজার গল্প করে যাচ্ছিলেন। এমন সময় করণ একটি দৃশ্যের কথা তোলেন। বারের সে দৃশ্যটি এ সিনেমায় করণ জোহরের সবচেয়ে প্রিয় দৃশ্য। ‘একজন পরিচালকের তরফ থেকে দৃশ্যটিকে শৈল্পিকভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি এটি সুলিখিত এবং অভিনেতারাও দারুণ কাজ করেছেন’,
করণ তার ভালো লাগার কারণ এভাবে ব্যাখ্যা করেন। করণের মতে, ক্লোজ-আপ শটটিতে জেনিফার গার্নারকে ‘জাদুকরী’
মনে হয়েছে। একথা বলে তিনি জানতে চান গার্নারকে লেভি ঠিক কীভাবে নির্দেশনা দিয়েছিলেন।
সিনেমায় আবেগঘন এ দৃশ্যে গার্নারের অভিব্যক্তি ও অশ্রু ধরে রাখার দৃশ্যটি দর্শককে নাড়া দিয়েছে। ৯ মার্চ মুক্তি পাওয়া সিনেমাটিতে রেনল্ডসের অভিনয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ। করণ জোহরের সঙ্গে লেভির সাক্ষাত্কারের দৃশ্যটি তৈরি হওয়ার নেপথ্যের কথা উঠে এল। প্রশ্নের উত্তরে লেভি জানালেন, মূলত রায়ান রেনল্ডস দৃশ্যটি পুনর্লিখন করেছিলেন। তিনি বলেন, ‘রায়ান এ দৃশ্য এমনভাবে লিখেছিলেন যে তার মায়ের কাছে একটি চিঠি লেখা হচ্ছে, যে কিনা ছেলেবেলায় অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছিল।’
যখন দৃশ্যটির রিহার্সাল হচ্ছিল তখন মনে হচ্ছিল অসাধারণ কিছু একটা তৈরি হতে যাচ্ছে। লেভি এবং তার দল সে সময়ে দৃশ্যটি ধারণ করে নেয়। লেভি বলেন, ‘আমি ভাবলাম যে এখানে যতটা কম নির্দেশনা দেয়া যায় ততই ভালো। আমি শুধু ক্যামেরাকে ঘুরিয়ে ঘুরিয়ে সবার মুখে ধরে তাদের অভিব্যক্তি ধারণ করব।’
করণের প্রশ্নের সরাসরি জবাবে তিনি বলেন, গার্নারকে কেবল অভিব্যক্তি ধরে রাখতে বলেছিলেন তিনি।
সূত্র: পিংকভিলা










