অভিনয় ক্যারিয়ারের ৩৩ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন শাহরুখ খান। জওয়ান সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মান অর্জন করায় তার ভক্তদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা গেছে। আবার কেউ সমালোচনাও করেছেন। দর্শকের একাংশ এ সিদ্ধান্তকে অন্যায্য বলে মনে করেছেন এবং মত প্রকাশ করেছেন, মনোজ বাজপেয়ী সির্ফ এক বান্দা কাফি হ্যায়-এ অনেক বেশি শক্তিশালী অভিনয় করেছেন এবং তিনিই এ পুরস্কারের যোগ্য ছিলেন। তবে পুরস্কারকে কোনো জরুরি বিষয় মনে করেন না মনোজ। তিনি মনে করেন এটা শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায়।
এবার এ তুলনা নিয়ে মুখ খুলেছেন মনোজ বাজপেয়ী। তিনি ইন্ডিয়া টুডেকে বলেন, ‘এটা একটা অর্থহীন আলোচনা। কারণ এটা অতীত হয়ে গেছে। সির্ফ এক বান্দা কাফি হ্যায় আমার অভিনয় জীবনের একটি বিশেষ সিনেমা, যেমন জোরাম–ও। এ দুটোই আমার সেরা ছবির তালিকায় থাকবে। তবে আমি এসব নিয়ে আলোচনা করি না, কারণ এটা সেটা হবে ‘‘ব্যর্থর প্রলাপ’’ ধরনের আলোচনা। এটা অতীত এবং সেখানে ফেলে আসাই ভালো।’
তবে মনোজ এরই মধ্যে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অভিষেক সিনেমা ‘সত্য’র (১৯৯৮) জন্য প্রথমবার এবং এরপর পিঞ্জর (২০০৩) ও আলিগড় (২০১৬) সিনেমার জন্য এ সম্মান পেয়েছেন।
কিন্তু ধীরে ধীরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও বাণিজ্যিক সিনেমার দিকে ঝুঁকছে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে মনোজ বলেন, ‘বিষয়টা সব ধরনের পুরস্কার অনুষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য। যেগুলো একসময় সম্মানের ছিল, তা এখন জনপ্রিয়তাকে প্রাধান্য দিচ্ছে। পুরস্কার এখন আমার সম্মানের বিষয় না। আমি নিজের সম্মান নিজে রক্ষা করি আমার কাজ ও সিনেমা বাছাইয়ের মাধ্যমে। কিন্তু প্রতিটি সংগঠনের নিজস্ব সম্মান রক্ষা করার দায়িত্ব তাদেরই। সেটা আমার কাজ না। যদি কেউ তাদের সম্মান হারায়, তবে তাদেরই সেটা নিয়ে ভাবা উচিত।’
মনোজ আরো জানান, তিনি আসলে পুরস্কার অনুষ্ঠানের ধারণায় বিশ্বাস করেন না, কারণ ভারতীয় চলচ্চিত্রের বিপুল বৈচিত্র্যের কারণে সব পারফরম্যান্সকে একসঙ্গে বিচার করা যায় না। তিনি বলেন, ‘আমার মতে পুরস্কার অনুষ্ঠানের ধারণাটাই ভুল।’
তিনি আরো ব্যাখ্যা করেন, তিনি পুরস্কার অনুষ্ঠানে যান শুধু আয়োজকদের প্রতি সম্মান জানিয়ে, কিন্তু কোনো পুরস্কার জয়কে তিনি খুব একটা গুরুত্ব দেন না। তিনি বলেন, ‘টা শুধুই ঘরের একটা সাজসজ্জার জিনিস। পুরস্কার ঘরের সৌন্দর্য বাড়ায়। প্রতিদিন আপনি তার সামনে দাঁড়িয়ে বলবেন না, বাহ, আমি এ পুরস্কারটা পেয়েছি।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










