বিজয়ের মাসের প্রথম দিনে প্রতি বছরের মতো গতকাল চ্যানেল আইয়ে অনুষ্ঠিত হয়েছে দেশের ব্যান্ডসংগীতের অন্যতম বড় উৎসব ‘ব্যান্ড ফেস্ট ২০২৫’। প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্মরণে আয়োজিত এ উৎসবে দিনভর ১২টি ব্যান্ড তাদের পারফরম্যান্সে মাতিয়েছে দর্শককে।
উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবসকিউর, নোভা, নির্ঝর, মেহরীন, সিম্ফনি, স্টারকিং, তরুণ ও ফিডব্যাক—দিবসব্যাপী ব্যান্ডগুলোর গান একে একে মঞ্চে উঠে দর্শককে আনন্দে মাতিয়ে রাখে।
বেলা ১১টা ৩০ মিনিটে সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই চ্যানেল আইয়ের পর্দা রূপ নেয় সংগীতময় উৎসবে। ব্যান্ডগুলোর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ওঠে দর্শক। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এ ফেস্টের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
ব্যান্ড তারকা মানাম আহমেদ বলেন, ‘এ ফেস্ট ব্যান্ডসংগীতকে দিয়েছে এক ভিন্ন মর্যাদা ও গ্রহণযোগ্যতা।’ শিরোনামহীন আশা প্রকাশ করেছে, এ উৎসব যেন ১২০০ বছর ধরে চলে। ব্যান্ড নোভার ভোকাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট সংগীতপ্রেমীদের এক মিলনমেলা।’ সিম্ফনির মনি জানিয়েছেন, তারা সারা বছর এ ফেস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।
উৎসবে উপস্থিত ছিলেন কিংবদন্তি শিল্পী খুরশীদ আলম। তিনি বলেন, ‘আইয়ুব বাচ্চু ব্যান্ডের জন্য একটি বিশেষ দিন চেয়েছিলেন, যা ফরিদুর রেজা সাগর বাস্তবে রূপ দিয়েছেন। এটি ব্যান্ডসংগীতের ইতিহাসে এক মাইলফলক।’
দিনজুড়ে উৎসবের মঞ্চে বহু গুণী শিল্পী অংশগ্রহণ করেন এবং এ আয়োজনের প্রশংসা করেন। কেউ কেউ আগামী বছরে আরো বড় পরিসরে ফেস্টটি আয়োজনের পরামর্শও দিয়েছেন।










