কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে ঈদ। আর ঈদ মানেই বিনোদন দুনিয়ার তারকাদের ব্যস্ততা নতুন নাটক কিংবা টেলিছবির শুটিং নিয়ে। এসব তারকার দলে আছেন এ সময়ের মায়াশালিকখ্যাত অভিনেত্রী সাদিয়া আয়মান। একাধিক ঈদ নাটকে অভিনয় করছেন তিনি। অন্যদিকে গতকাল ছিল এ অভিনেত্রীর জন্মদিন। কর্মব্যস্ততা ও জন্মদিন নিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘এবার জন্মদিনটা কেন যেন মনে হচ্ছে একটু অন্যরকম কাটল। কারণ এ বছর আমার এরই মধ্যে বেশ কয়েকটি কাজ দর্শকের ভালো লেগেছে। বিশেষ করে মায়াশালিক ও ডুব সাঁতার। সামনে আরো ভালো কিছু কাজ আসবে। এ মুহূর্তে আমার পেশা অভিনয়ই। তাই আগামী দিনে নিজেকে অভিনয়ে আরো ভালো অবস্থানে দেখতে চাই ভালো ভালো কাজ করার মধ্য দিয়ে। জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন।’
ঈদে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য নাটক করেছেন সাদিয়া। এরই মাঝে কয়েকটি নাটকের শুটিংয়ের পর্ব শেষ করেছেন তিনি। এ নাটকগুলো মধ্যে রয়েছে জামাল মল্লিকের ‘মুখোমুখি যদি একদিন’, সীমান্ত সজলের ‘ঘুমন্ত পাখি’, পথিক সাধনের ‘কষ্টের নাম মায়া’, চয়নিকা চৌধূরীর ‘জল তরঙ্গ’, মারুফ হোসেন সজীবের ‘বাবুই পাখির বাসা’, আরমান রহমান প্রত্যয়ের ‘গুলাইল’সহ আরো বেশ কয়েকটি নাটক। ঈদ নাটকের বিভিন্ন চরিত্রে সাদিয়ার বিপরীতে দেখা যাবে সজল, খায়রুল বাশার, তৌসিফ মাহবুব, ইয়াশ রোহান’সহ আরো বেশ কয়েকজন তারকাভিনেতা। এছাড়া সোমবার থেকে সাদিয়া আয়মান রুবেল আনুশের পরিচালনায় ‘আদম হাওয়া’ নাটকের কাজ শুরু করবেন।
গত বছরের শেষ দিকে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম মায়াশালিকে অভিনয় করেন সাদিয়া আয়মান। এতে তার বিপরীতে ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। ২০১৯ সালের এপ্রিলে অপূর্বর সঙ্গে টু বি ওয়াইফ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক তার। সাড়ে তিন বছরের ক্যারিয়ারে নাটক, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সাদিয়া। যদিও তার সূচনা বিজ্ঞাপনের মডেলিং হিসেবে।










