এ বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা আদিপুরুষ। বাহুবলীখ্যাত প্রভাসকে পুনরায় একটি মহাকাব্যিক চরিত্রে দেখা যাবে। রামায়ণের কাহিনী থেকে তৈরি এ সিনেমা সম্পর্কে সবারই ধারণা রামায়ণ পুনর্নির্মাণ হবে। কিন্তু পরিচালক ওম রাউত বলেছেন, এটি রামায়ণ অনুসরণে হলেও সিনেমার গল্পটি আধুনিক দৃষ্টিকোণ থেকে বলা হবে। তানাজি: দ্য আনসাং ওয়ারিয়রের পর ওম রাউত এ সিনেমায়ও প্রযুক্তির ব্যবহারে নতুনত্ব আনতে যাচ্ছেন। রামায়ণের গল্পকে সাধারণ মানুষের গল্প হিসেবে উপস্থাপন করতে চান তিনি।
এ শতকের শুরুর দিকে জাপানি নির্মাতা ইউগো সেকোর দ্য প্রিন্স অব লাইট দেখে ওম রাউত মুগ্ধ হয়েছিলেন। নিজের ওপর সেকোর প্রভাব সম্পর্কে রাউত বলেন, ‘আমি মন্ত্রমুগ্ধ হয়েছি। মনে হয়েছিল গল্পটা এভাবেই বলা উচিত—সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট। শিক্ষামূলক বিষয়গুলো সহজ করে দেখানো হয়েছে। পাশাপাশি ছোটদের জন্যও তা ছিল উপযুক্ত।’ ইঞ্জিনিয়ারিং পড়ার সময় দেখা এ সিনেমার মধ্য দিয়েই রাউত রামায়ণের গল্প নিয়ে কাজ করার চিন্তা করেন। তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল বিদেশীরা যদি পারে তো আমরা কী করছি!’
পরবর্তী সময়ে সিটি অব গোল্ড (২০১০), হন্টেড (২০১১) প্রযোজনা করার সময়ে তিনি ভারতীয় সিনেমার সঙ্গে সরাসরি যুক্ত হলে এখানে নির্মাণের ধরন সম্পর্কে শেখেন। কিন্তু সিনেমা তিনি নিজের মতোই তৈরি করেন। ২০১৫ সালে বালগঙ্গাধর তিলকের জীবনীভিত্তিক লোকমান্য: এক যুগপুরুষ নির্মাণ করেছিলেন। ২০২০ সালে মুক্তি পায় অজয়-সাইফ অভিনীত তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র। এ সিনেমার ভিজুয়াল ইফেক্টের কাজ সবারই চোখে পড়েছে। সে বছর কভিড-১৯ পুরোপুরি আঘাত হানার আগে মুক্তি পাওয়া সিনেমাটি ৫ কোটি ডলার ব্যবসা করেছিল।
কভিড-১৯-এর দেয়া লকডাউনের সময়ে ওম রাউত আদিপুরুষের চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন। প্রায় ৪৫ দিন টানা কাজ করে তিনি চিত্রনাট্য শেষ করেন এবং তার সহযোগীরা রাউতের কাজ দেখে আশান্বিত হন। সিনেমার মূল চরিত্র, অর্থাৎ রাম হিসেবে রাউতের মাথায় কেবল প্রভাসেরই নাম ছিল। কিন্তু প্রভাসের সঙ্গে তার সরাসরি পরিচয় ছিল না। ভ্যারাইটি জানাচ্ছে রাউত প্রভাসকে টেলিফোনে তিনটি দৃশ্যের কথা শোনালে প্রভাস বলেছিলেন, ‘বাকি কথা সামনাসামনি হলেই ভালো হয়।’ কয়েক ঘণ্টার মধ্যে রাউত প্লেনে মুম্বাই থেকে উড়ে হায়দরাবাদ গিয়ে সিনেমার বাকি কথা নিয়ে প্রভাসের সঙ্গে আলোচনা করেন।
আদিপুরুষের বাজেট বা ব্যয় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ভ্যারাইটি জানাচ্ছে, এ সিনেমার বাজেট কমবেশি ৪০০ কোটি রুপি হতে পারে। রামের চরিত্রে প্রভাস এবং তার বিপরীতে থাকছেন কৃতি শ্যানন। কিন্তু প্রভাসের চরিত্রের নাম রাম নয়, রাঘব। কৃতির চরিত্রের নাম জানকী। দুটি নামই রাম ও সীতার আরেক নাম এবং তা রামায়ণেই রয়েছে। খল চরিত্রে রাবণ হিসেবে থাকছেন সাইফ আলী খান, তবে তারও নাম রাবণ নয়; বরং লঙ্কেশ। চরিত্রদের নাম বদল সম্পর্কে রাউত বলেন, ‘রাম নাম ব্যবহার করলে তা প্রথমেই দর্শকের কাছে ভক্তির বিষয় হয়ে উঠত। রাঘব বললে তাকে সাধারণ একজন বলেই মনে হয়।’ হিন্দি ও তেলেগু ভাষায় নির্মাণাধীন সিনেমাটি এ বছরের মাঝামাঝি মুক্তি পাবে।
সূত্র: ভ্যারাইটি










