বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে নতুন মাত্রা যোগ করতে আসছে ইংরেজি ভাষায় নির্মিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ডট’। সম্প্রতি চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে আনুষ্ঠানিক মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন। তিনি জানান, শিগগিরই ঘোষণা করা হবে সিনেমার মুক্তির দিনক্ষণ।
‘ডট’ সিনেমাটি পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন। নারীর সংগ্রাম, কঠিন বাস্তবতা এবং জীবনবোধের গভীর তাৎপর্য ফুটিয়ে তোলার প্রয়াসে নির্মিত হয়েছে এই সিনেমা। এ বিষয়ে পরিচালক বলেন, ‘আমাদের সমাজে নারীরা প্রতিনিয়ত যে লড়াইয়ের মধ্য দিয়ে যায়, সেই বাস্তবতাকে সৎভাবে তুলে ধরা হয়েছে সিনেমায়। সেন্সরের অনুমতি পাওয়া আমাদের জন্য আনন্দের। এবার অপেক্ষা শুধু দর্শকের সামনে হাজির হওয়ার। শিগগিরই দেশ-বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।’
প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানান, সেন্সর বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটির বিষয়বস্তু ও নির্মাণশৈলীর প্রশংসা করেছেন। এরই মধ্যে সিনেমার দেশীয় ও আন্তর্জাতিক মুক্তি পরিকল্পনা নিয়ে পুরো টিম কাজ শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই দেশ-বিদেশের দর্শক নানা মাধ্যমে ‘ডট’ উপভোগ করার সুযোগ পাবেন।
অভিনয়শিল্পীদের ক্ষেত্রেও রয়েছে চমক। সিনেমাটিতে গ্রুপ থিয়েটারের অভিজ্ঞ ও দক্ষ অভিনয়শিল্পীদের একটি ঝাঁক দেখা যাবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, মিষ্টি আক্তার, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, মাসুদ, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার প্রমুখ।










