ডিজনি প্লাস হটস্টারের জনপ্রিয় সিরিজ আর্যা ফিরছে তৃতীয় সিজন নিয়ে। এর চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে বলে ঘোষণা এসেছে। ডাচ সিরিজ পেনোজার প্রেরণায় নির্মিত আর্যায় মূল চরিত্রে আছেন সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

অসুস্থতাজনিত দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আর্যা দিয়ে পর্দায় ফেরেন সুুস্মিতা সেন। আর্যা সারিনের চরিত্রটি দর্শকদের মনে ধরেছে—সাহসী এক মা তার পরিবারকে অপরাধীদের হাত থেকে রক্ষা করতে লড়াইয়ে নামেন।

আর্যার প্রথম সিজন বেস্ট ড্রামা সিরিজ বিভাগে মনোনীত হয়েছিল ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে। হটস্টারের এ সিরিজ প্রযোজনা করেছেন এন্ডেমল শাইন ইন্ডিয়া ও রাম মাধবানি ফিল্মস। সুস্মিতা সেন বলেছেন, ‘আর্যা সারিনের জন্য এটা নতুন ভোর। সে অপ্রতিরোধ্য। সিজন থ্রিতে আর্যা অতীতের বাধাগুলো থেকে নিজেকে মুক্ত করে নেবে। আর্যার চরিত্রটি আবার করার অর্থ পুরনো জিনসে পা গলানো, তবে সম্পূর্ণ নতুন এক অভিযানে যাওয়ার জন্য। রাম মাধবানি ও ডিজনি প্লাস হটস্টার টিমের সঙ্গে ফিরতে পেরে খুব ভালো লাগছে। দর্শকরা আর্যাকে যে ভালোবাসা ও প্রশংসা দিয়েছেন তা আবার পেতে মুখিয়ে আছি।’

রাম মাধবানি বলেছেন, ‘ডিজনি প্লাস হটস্টার দুই সিজনে আর্যাকে গড়ে তুলতে পার্টনার হিসেবে কাজ করেছে। আরেক সিজনের জন্য তাদের সঙ্গী হতে পেরে আমরা আনন্দিত। আকর্ষণীয় গল্প, রোমাঞ্চ ও পারিবারিক ভালোবাসা নিয়ে নতুন সিজনের কাজ শুরু হয়েছে। আমরা নিশ্চিত দর্শকরা এ সিজন দেখে আবারো নতুন সিজন দেখতে চাইবেন। প্রত্যাশা কেবল বাড়তেই থাকবে। সুস্মিতা সেন, অমিতা মাধবানি ও রামা মাধানির টিমের সঙ্গে আবার কাজ করতে পারাটা দারুণ ব্যাপার।’

ডিজনি প্লাস হটস্টারের কনটেন্ট হেড গৌরব ব্যানার্জীর মতে, গত বছর ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে মনোনীত হয়ে আর্যা হটস্টারের গৌরব হয়ে উঠেছে। প্রথম সিজনেই আর্যা ভারতীয় নারীকেন্দ্রিক স্টেরিওটাইপ ভাঙা গল্পের সংজ্ঞা বদলে দিয়েছে। দর্শক, সমালোচক সবাই সুস্মিতার অভিনয় ও চিত্রনাট্য পছন্দ করেছেন।

 

সূত্র: ভ্যারাইটি