আলোচিত ফিল্ম ফ্র্যাঞ্চাইজি ‘হ্যারি পটার’-এ ড্রাকো ম্যালফয় চরিত্রে অভিনয় করেছিলেন টম ফেলটন। মোট আট পর্বের সিরিজে তিনি হাজির ছিলেন মাত্র ৩১ মিনিট ৪৫ সেকেন্ড। আর প্রতি মিনিট হিসাবে তার আয়ের অঙ্ক ছিল লাখ লাখ ডলার।

কইমই ডটকম এক প্রতিবেদনে জানায়, অনেকেই জানে না এই স্বল্প উপস্থিতির বিনিময়ে ফেলটন কত আয় করেছিলেন। ‘হ্যারি পটার’ সিরিজের আটটি পর্বে আধা ঘণ্টার চেয়ে সামান্য বেশি চেহারা দেখিয়ে মোট আয় করেছেন এক কোটি ৭০ লাখ ডলার। মিনিট প্রতি দাঁড়ায় সাড়ে পাঁচ লাখ ডলার। আরো স্পষ্ট করে বললে পাঁচ লাখ ৫২ হাজার ৮১৯ ডলার ৪৭ সেন্ট।

‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ শিরোনামে প্রথম সিনেমাটি মুক্তি পায় ২০০১ সালে এবং শেষ পর্ব ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস’ প্রেক্ষাগৃহে আসে ২০১১ সালে। এ সিরিজে ফেলটন অভিনয় শুরু করেন মাত্র ১৩ বছর বয়সে। আর প্রাপ্ত হতে হতে শুধু এক সিরিজেই তিনি ধনী তারকায় পরিণত হন।

টম ফেলটনের ৩১ মিনিট ৪৫ সেকেন্ডের চরিত্রটি লর্ড ভলডেমর্টের চেয়ে কম সময় দেখা গেছে। সিনেমার আট পর্বে যার মোট দৈর্ঘ্য ৩৭ মিনিট ১৫ সেকেন্ড। অবশ্য ভলডেমর্ট চরিত্রটি বিভিন্ন বয়সী ছয়জন অভিনেতা রূপায়িত করেন।

এছাড়া মূল চরিত্র হ্যারি পটার, অর্থাৎ ড্যানিয়েল র‌্যাডক্লিফকে পর্দায় দেখা যায় ৫৩৯ মিনিট। অন্যদিকে এমা ওয়াটসন ও রুপার্ট গ্রিন্টের স্ক্রিন উপস্থিতি ছিল যথাক্রমে ২০৫ মিনিট ও ২১১ মিনিট।