জাপানি পরিচালক হামাগুচি রায়ুসুকের ড্রাইভ মাই কার এবার অস্কারে মনোনয়ন পেয়েছে। কিন্তু অস্কারের আগেই জাপানে সিনেমাটির জয়জয়কার দেখা গেল। ৪৫তম জাপান একাডেমি অ্যাওয়ার্ডসে আটটি পুরস্কার জিতেছে সিনেমাটি। সেরা সিনেমার পাশাপাশি ড্রাইভ মাই কার পরিচালনা করে সেরা পরিচালক হয়েছেন হামাগুচি। এছাড়া চিত্রনাট্যের জন্য হামাগুচি এবং সহযোগী লেখক ওয়ে তাকামাসা পুরস্কার পেয়েছেন; সেরা অভিনেতা হয়েছেন নিশিজিমা দেতোশি। সিনেম্যাটোগ্রাফি, আলোকসম্পাত এবং সাউন্ড রেকর্ডিংয়ের জন্যও ড্রাইভ মাই কার পুরস্কৃত হয়েছে।

সিনেমার গল্পটি হারুকি মুরাকামির ২০১৪ সালের গল্প সংকলন মেন উইদাউট উইমেন থেকে নেয়া। তবে সিনেমায় একই সংকলনে থাকা গল্প শেহেরজাদে এবং কিনো থেকেও অনুপ্রেরণা নেয়া হয়েছে। গল্প থেকে চিত্রনাট্য করেছেন খোদ পরিচালক এবং তার সহযোগী হিসেবে ছিলেন ওয়ে তাকামাসা। প্রাথমিকভাবে সিনেমার পটভূমি হিসেবে বুসানকে বেছে নেয়া হয়েছিল কিন্তু কভিড-১৯-এর কারণে দক্ষিণ কোরিয়ার শহরটিতে সিনেমার কাজ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে হিরোশিমায় প্লট নিয়ে সিনেমাটি সাজানো হয়। আরেকটি কৌতূহলোদ্দীপক বিষয় হলো হামাগুচি তার সিনেমায় বিটলসের ড্রাইভ মাই কার গানটি ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু অনুমতি পাওয়া যায়নি বলে বেটোভেনের সুর ব্যবহার করা হয়েছে।

সিনেমাটি ২০২১ সালের আগস্টে মুক্তি পায়। কানের ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। পাম ডি’ওরের জন্য প্রতিযোগিতা করে এই সিনেমা তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পায়। সিনেমাটি ব্যবসায়িকভাবে ততটা সফল নয়। ২০২১ সালে মাত্র ৩ লাখ ডলার আয় করেছে। তবে সমালোচকদের প্রশংসা পাওয়া সিনেমাটি অস্কারে চারটি নমিনেশন পেয়েছে এবং আশা করা হচ্ছে, অন্তত একটি পুরস্কার সিনেমাটি জিতে নেবে। সেক্ষেত্রে বক্স অফিসে নতুন করে আয়ের সম্ভাবনা রয়েছে। ৪৫তম জাপান একাডেমি অ্যাওয়ার্ড পাওয়ার পর সিনেমাটির জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।

 

সূত্র: ভ্যারাইটি