এবার ঈদে আলফা ইয়ের প্রযোজনায় ‘বাইকে একুশ’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছেন পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। তার সঙ্গে কাজ করা নির্মাতারা ২১টি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করছেন, যা ঈদে প্রচার হবে দীপ্ত টিভিতে। এ প্রকল্পের আওতায় তরুণ নির্মাতা এসকে অমিত নির্মাণ করছেন আক্ষেপ নামের একটি স্বল্পদৈর্ঘ্য। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও অনিন্দিতা মিমি। এছাড়া আক্ষেপে অন্যান্য চরিত্রে আছেন শওকত হোসেন মামুন, মোহন, রাইফ প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে এটি প্রচার হবে। পরে দেখা যাবে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে।

নির্মাতা এসকে অমিত এর আগে ইউটিউব প্লাটফর্মের জন্য কয়েকটি নাটক তৈরি করলেও এই প্রথম টেলিভিশন চ্যানেল ও ওটিটি প্লাটফর্মের জন্য কাজ করছেন। বণিক বার্তাকে বলেন, ‘আক্ষেপ গল্পটি মূলত রোমান্টিক ও ক্রাইম ঘরানার। নাট্যপ্রেমীদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

ছয় বছর ধরে এসকে অমিত কাজ শিখেছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নার কাছে। এখন স্বপ্ন দেখেন পুরোপুরি নির্মাতা হওয়ার। নিজের স্বপ্ন নিয়ে বললেন, ‘আমি গল্প বলতে চাই। আমাদের মানুষের গল্প, সমাজের গল্প, দেশের গল্প। যে গল্পের মাধ্যমে আমার দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কয়েকজন পরিচালকের সঙ্গে ফ্রিল্যান্সার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করি। কিন্তু এমন একজনকে খুঁজছিলাম, যার সঙ্গে নিয়মিত কাজ করা যাবে; যার কাছ থেকে ভালো কাজ শেখা যাবে। আমার বস মাবরুর রশীদ বান্নাহকে তখন খুব ভালো করেই চিনতাম। কিন্তু তার পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা পাচ্ছিলাম না। তখন আমার এক বন্ধুর মাধ্যমে মাবরুর রশীদ বান্নাহ ভাইয়ের কাছে ইন্টারভিউ দিই। এর পরই জীবনের বাঁক বদলে যায়। তার সহকারী হিসেবে কাজ করার পরে তার প্রতিষ্ঠানেই পরিচালক হিসেবে প্রথম কাজ করি।’

নাটকের মাধ্যামে কী দেখাতে চান, জানতে চাইলে অমিত বলেন, ‘প্রতিটা পরিচালকের কাজের ধরন আলাদা। যেহেতু আমি নিজেই তরুণ পরিচালক, বেশির ভাগ কাজ করা হয় তরুণদের নিয়েই। তাই তরুণ দর্শকদের কথা মাথায় নিয়েই কাজ করি। আমার গল্পের বিশেষত্ব হচ্ছে তরুণদের বিনোদনের মাধ্যমে ইতিবাচক বার্তা দেয়া। আমার গল্পে যেমন হাসির খোরাক থাকে, আবার শেষে তরুণ সমাজের জন্য ইতিবাচক বার্তাও থাকে; যা তরুণদের ভালো কাজ করতে সাহায্য করে।’

এরই মধ্যে এসকে অমিতের ‘রং টার্ন’, ‘ওভার কেয়ার’, ‘আমরা আমরাই’সহ বেশকিছু নাটক প্রশংসিত হয়েছে। এ ঈদে তার পরিচালনায় আসছে ‘গেমস’, ‘হেল’, ‘সার্ভাইভ’।