উদার মানসিকতার জন্য বলিউড তারকা সালমান খানের খ্যাতি রয়েছে। তেলেগু সুপারস্টার চিরঞ্জীবীর নতুন সিনেমা গডফাদারে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে সালমানকে। এ কাজের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব দেয়া হলে সালমান সাফ জানিয়ে দেন, সিনেমাটির জন্য কোনো পারিশ্রমিক নেবেন না।

সালমান খানের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্য একজন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী। দক্ষিণি তারকা চিরঞ্জীবীরের ছেলে রামচরণ প্রথম বলিউড সিনেমা জাঞ্জিরের শুটিং করতে বেশকিছু দিন মুম্বাইতে ছিলেন। সে সময় শুটিং সেটে প্রতিদিন রামচরণের জন্য খাবার পাঠাতেন সালমান খান।

সিনেমাটির জন্য সালমানকে ১৫-২০ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব দেন গডফাদারের প্রযোজক। তবে সালমান জানিয়ে দেন, তিনি এক রুপিও পারিশ্রমিক নেবেন না। এ বিষয়ে তার সিদ্ধান্ত বদলানো যায়নি। এমনকি সালমান চিরঞ্জীবীকে বলেছেন, এমন অনুরোধ করলে তিনি এ সিনেমায় কাজই করবেন না। সালমান চিরঞ্জীবীকে আরো বলেন, ‘তোমাকে আমার সিনেমায় কাজ করতে বললে তুমি কি পারিশ্রমিক নিতে?’ এ প্রশ্নের পর সালমানের সিদ্ধান্তকেই সম্মান জানিয়েছেন দক্ষিণি তারকা চিরঞ্জীবী।

 

সূত্র: বলিউড হাঙ্গামা