ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে হলিউডের স্টুডিওগুলো রাশিয়ার সিনেমা হলে তাদের সিনেমা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ পরিস্থিতিতে রাশিয়ান সিনেমা নেটওয়ার্ক দক্ষিণ কোরিয়া, ভারতসহ আরো অনেক দেশের সিনেমা প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।

২০২১ সালে রুশ বক্স অফিসের ৭৫ শতাংশ দখল করে ছিল বিদেশী সিনেমা। সিনেমা নেটওয়ার্কের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, হলে গিয়ে সিনেমা দেখা রুশ নাগরিকদের বড় বিনোদন। তাই তারা সিনেমা হলগুলোকে যেকোনো মূল্যে চালু রাখতে চান।

তবে রাশিয়ায় সিনেমা প্রদর্শনসংক্রান্ত বিভিন্ন জিনিসের মূল্যবৃদ্ধিতেও তারা সিনেমার টিকিটের দাম বাড়াবেন না। রাশিয়ায় সিনেমা হলের পাঁচটি প্রধান চেইন—সিনেমা পার্ক, ফর্মুলা কিনো, প্রিমিয়ার হল, কারো, কিনোম্যাক্স সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে। এ চেইনগুলো রাশিয়ার ফিল্ম ডিস্ট্রিবিউশনের ৩১ শতাংশ নিয়ন্ত্রণ করে। এখন থেকে তারা রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারতের ব্লকবাস্টার সিনেমা প্রদর্শন করবে। দক্ষিণী তারকা প্রভাসের নতুন ছবি রাধে শ্যাম এরই মধ্যে রাশিয়ার হলে প্রচারিত হয়েছে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এতে পশ্চিমা বিশ্বের একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়ছে তারা।

 

সূত্র: মিড-ডে