দক্ষিণি তারকা রাশমিকা মান্দানা ২৬-এ পা রেখেছেন। তার প্রথম কন্নড় সিনেমা কিরিক পার্টি দিয়ে দর্শকের মন জয় করে নেন এ তারকা। প্রয়াত কিংবদন্তি অভিনেতা পুনীত রাজকুমারের সঙ্গে আঞ্জানী পুত্রা সিনেমায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন। রাশমিকার ক্যারিয়ারের অন্যতম বক্স অফিস হিট সিনেমা পুষ্পা দ্য রাইস। এ সিনেমার মধ্য দিয়ে বড় পরিসরে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সফলতার পর রাশমিকা মান্দানা ২০১৮ সালে টলিউডে কাজ শুরু করেন গীতা গোবিন্দম সিনেমার মধ্য দিয়ে। এ সিনেমায় বিজয় দেবরকোন্ডার বিপরীতে অভিনয় করেন তিনি। এ থেকেই পর্দায় সেরা জুটি হয়ে ওঠেন রাশমিকা ও বিজয়। এ জুটি উপহার দিয়েছে ডিয়ার কমরেডের মতো বক্স অফিস হিট সিনেমা। নিজের প্রতিভা, কথা বলার ধরন, অসাধারণ নাচের দক্ষতা এবং পরিশ্রমের কারণেই এত কম সময়ে সেরা অভিনেত্রীদের তালিকায় স্থান করে নিয়েছেন রাশমিকা। সারিলেরু নিকেভ্যারু তেলেগু সিনেমা রাশমিকার জনপ্রিয়তা আরো বাড়িয়ে দেয়।
২০২০ সালে করোনাভাইরাসের কারণে মুখ থুবড়ে পড়ে সারা বিশ্বের বিনোদন অঙ্গন। রশমিকা কিন্তু থেমে থাকেননি। ২০২১ সালে আসে তার প্রথম তামিল সিনেমা সুলতান। ২০২১ সালের ডিসেম্বরে পুষ্পা দ্য রাইজ সিনেমা দিয়ে পর্দা কাঁপিয়ে দেন রাশমিকা। এ সিনেমায় আল্লু অর্জনের বিপরীতে অভিনয় করেন রাশমিকা মান্দানা। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির দিন থেকেই বক্স অফিসে রেকর্ড গড়তে থাকে। কয়েকটি ভাষায় মুক্তি পায় পুষ্পা। সব মিলিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমাটির বক্স অফিস সংগ্রহ দাঁড়ায় প্রায় ৪০০ কোটি রুপি। পুষ্পা দ্য রাইজ সিনেমার ‘সামি সামি’
গানটিতে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার প্রশংসা পান রাশমিকা। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয় গানটি। পুষ্প দ্য রাইজ নিঃসন্দেহে এখন পর্যন্ত রশমিকার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট। বর্তমানে এ সফল অভিনেত্রী প্রস্তুতি নিচ্ছেন বলিউডে পা রাখার জন্য।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার যাত্রা সম্পর্কে রাশমিকা মান্দানা বলেন, ‘আমার এ যাত্রা বেশ দুঃসাহসিক ছিল বটে, তবে সেটা সত্যি হয়েছে। নিজের অনেক পরিবর্তন দেখতে পারি। একজন অভিনেতা হিসেবে আমাদের অনেকের সঙ্গে মেশার সুযোগ হয় এবং বিভিন্ন চরিত্র নিয়ে কাজ করতে হয়, যেটা আমাকে সফল হতে অনেক সাহায্য করেছে। দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমি আমার সেরা কাজ দেয়ার সর্বোচ্চ চেষ্টা করি।’
শান্তনু বাগচি পরিচালিত মিশন মঞ্জু সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে রাশমিকার। পাকিস্তানের সঙ্গে ভারতের একটি মিশনের গল্প দেখানো হবে এ সিনেমায়। রাশমিকার বিপরীতে বলিউডের জনপ্রিয় তারকা সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে মিশন মঞ্জুতে। বিকাশ বল পরিচালিত গুডবাই সিনেমায়ও দেখা যাবে রাশমিকাকে। বাবা ও মেয়ের গল্পের এ সিনেমায় কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে রাশমিকা মান্দানাকে দেখা যাবে। দুটি ছবিই চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সম্প্রতি অ্যানিমেল সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রাশমিকা। একাধিক ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। সিনেমায় রাশমিকার সঙ্গে রণবীর কাপুরকে দেখা যাবে বলে জানা গেছে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










