সাত বছর প্রেমের পর বিয়ে করলেন নয়নতারা। দক্ষিণি এ নায়িকা গাঁটছড়া বাঁধলেন বিগনেশ শিভানের সঙ্গে। তামিলনাড়ুর মহাবলিপুরমের এক বিলাসবহুল রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে বসেছিল তারার মেলা। অনুষ্ঠানে বলিউড ও দক্ষিণি তারকাদের সমাগম দেখা যায়। রজনীকান্ত, শাহরুখ খান, বিজয় সেতুপতি, মণিরত্নম, সূর্যা, আনন্দ শঙ্কর, নির্মাতা অ্যাটলি কুমার, প্রযোজক বনি কাপুরসহ অনেককে দেখা গেছে। তারা সবাই এ নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। তারকারা ছাড়াও দুই পরিবারের আত্মীয়স্বজন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বিয়ের সময় উপস্থিত ছিলেন।
বিয়েতে নির্দিষ্ট কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছিল। আমন্ত্রিত অতিথিদের পোশাকের রঙ নির্ধারণ করে দেয়া হয়েছিল। এছাড়া তাদের জন্য ছিল একটি কোড। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। অতিথিদের খাওয়া-দাওয়ার জন্য ছিল বিশাল আয়োজন। মেনুতে ছিল চিকেন চেট্টিনাদ কারি, পোরিয়াল, কার্ড-রাইস, বাদাম হালুয়া, সম্বর, রসম, পায়েসমসহ জিভে জল আনা আরো দক্ষিণি পদ। বিয়েতে নয়নতারা ও বিগনেশ পরেছিলেন মণিকা সাহার ডিজাইন করা পোশাক। জানা গেছে, বরের পোশাক সবই ছিল হাতে বানানো। এছাড়া বিয়েতে চার পাক ঘুরেছেন তারা।
বিয়ে উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিয়ে যে রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে, সেখানেই রিসেপশন হবে বলে জানানো হয়েছে। ১১ জুন এ দম্পতি সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করার পাশাপাশি তাদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করবেন বলে জানিয়েছেন। ২০১৫ সালে নানুম রাউডি ধান সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। দীর্ঘ সাত বছর চুটিয়ে প্রেম করছেন তারা। এর মধ্যে গত বছর তাদের বাগদান সম্পন্ন হয়।
নয়নতারা ও বিগনেশ দুজনেই বর্তমানে সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। নয়নতারার হাতে আছে অ্যাটলি কুমারের জাওয়ান। তার বিপরীতে থাকছেন শাহরুখ খান। এছাড়া আরো দুটি সিনেমার শুটিং চলমান। বিগনেশের হাতেও রয়েছে একটি সিনেমা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










