অস্কার বিজয়ী পরিচালক মার্টিন স্করসেসি। তার পরবর্তী সিনেমা নির্মিত হচ্ছে পিটার ক্যামেরনের হরর উপন্যাস ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’ থেকে। সিনেমায় অভিনয় করবেন জেনিফার লরেন্স ও লিওনার্দো ডিক্যাপ্রিও। সিনেমাটি প্রযোজনা করবে অ্যাপল অরিজিনাল ফিল্মস। তাদের সঙ্গে স্টুডিও ক্যানালের আলাপ চলছে। কেননা পিটার ক্যামেরনের বইয়ের স্বত্ব তাদের কাছে আছে। ২০২৩ সালে তারা বইটির স্বত্ব কেনেন।

বর্তমানে সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ করছেন স্করসেসি। বইটি থেকে চিত্রনাট্য লিখবেন খোদ স্করসেসি। তার সহযোগী হিসেবে আছেন প্যাট্রিক মারবার। তিনি অস্কার মনোনীত ‘নোটস অন আ স্ক্যান্ডাল’-এর জন্য প্রশংসিত। পাশাপাশি ডিক্যাপ্রিও ও লরেন্সের মতো অস্কার বিজয়ীদের যুক্ত হওয়ায় এ প্রকল্প নিয়ে দর্শক ও সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে উঠেছে।

পিটার ক্যামেরনের গল্প একটি আমেরিকান দম্পতিকে ঘিরে আবর্তিত হয়। তারা একটি শিশু দত্তক নিতে একটি অদ্ভুত, তুষারাবৃত ইউরোপীয় শহরে আসে। বইয়ের সারাংশে বলা হচ্ছে, ‘এটি একটি কঠিন যাত্রা যা স্ত্রীর (যিনি ক্যান্সারে আক্রান্ত) শারীরিক অবস্থাকে আরো দুর্বল করে তোলে এবং স্বামী উদ্বিগ্ন হয় যে তার স্ত্রীর অসুস্থতা যেন শিশু গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি না করে।’

এ দম্পতি বোরগারফজারোয়াসিসলা গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল নামে একটি রহস্যময় ও প্রায় পরিত্যক্ত হোটেলে ওঠে। সেখানে সব সময় নানা অতিপ্রাকৃত ঘটনা ঘটতে থাকে। এর লবিতে নানা রকম অদ্ভুত চরিত্রের আনাগোনা—একজন বয়স্ক, রঙিন গায়িকা, এক বিকৃত ব্যবসায়ী ও এক রহস্যময় বিশ্বাসের চিকিৎসক।

এ বরফ ঢাকা দুনিয়ায় সবকিছু যেমন দেখায়, বাস্তবে তেমন নয় এবং যতই দম্পতি শিশুটিকে নিজেদের করে নেয়ার চেষ্টা করে, ততই তারা নিজেদের সম্পর্ক, আত্মপরিচয় ও জীবনের অর্থ নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে।

স্করসেসি ও ডিক্যাপ্রিও দীর্ঘদিন একসঙ্গে কাজ করছেন। নির্মাতা-অভিনেতা হিসেবে তাদের জুটি কিংবদন্তি পর্যায়ের। তবে ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন স্করসেসি ও লরেন্স। স্করসেসি এর আগে প্রযোজনা করেছেন লরেন্সের আসন্ন চলচ্চিত্র ‘ডাই মাই লাভ’। সিনেমাটি পরিচালনা করেছেন লিন র‍্যামসে।

এছাড়া ডিক্যাপ্রিও প্রশংসা কুড়াচ্ছেন পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার আনাদার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য। এর আগে ডিক্যাপ্রিও ও লরেন্স একসঙ্গে অভিনয় করেছিলেন ২০২১ সালের অ্যাডাম ম্যাকের ‘ডোন্ট লুক আপ’ ছবিতে।

অ্যাপল এর আগে স্করসেসি ও ডিক্যাপ্রিওর ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ প্রযোজনা করেছিল এবং তাদের নিজ নিজ প্রযোজনা সংস্থা সিকেলিয়া ও অ্যাপিয়ান ওয়ের সঙ্গে ফার্স্ট-লুক চুক্তিও রয়েছে। অ্যাপল লরেন্সের ২০২২ সালের ড্রামা ‘কজওয়ে’ ছবিটিও পরিবেশন করেছিল।

সূত্র ও ছবি: ভ্যারাইটি