নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ স্কুইড গেম। এ গেমের আদলেই এবার রিয়েলিটি শোর আয়োজন করতে যাচ্ছে নেটফ্লিক্স। সম্প্রতি নেটফ্লিক্সের গ্লোবাল টিভির প্রধান বেলা বাজারিয়ার থেকেই খবরটি এসেছে। রিয়েলিটি শোয়ের নাম রাখা হয়েছে ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’। নেটফ্লিক্স থেকে জানানো হচ্ছে এটা হবে বিশ্বের অন্যতম একটি রিয়েলিটি শো। ১০ পর্বের এ শোয়ে ৪৫৬ জন প্রতিযোগী অংশ নিতে পারবেন এবং পুরস্কার হিসেবে রয়েছে প্রায় ৪৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশী টাকায় ৪০ কোটি টাকার বেশি।

স্কুইড গেমের আদলে রিয়েলিটি শো করা হলেও এতে নতুন কিছু বিষয় যুক্ত করা হবে। তবে নিজের দক্ষতা কাজে লাগিয়েই এতে টিকে থাকতে হবে প্রতিযোগীদের। নেটফ্লিক্স থেকে জানানো হয়, ২১ বছরের বেশি যে কেউ অংশ নিতে পারবে এ রিয়েলিটি শোয়ে। তবে তাকে অবশ্যই ইংরেজি ভাষা জানতে হবে। চার সপ্তাহ সময় নিয়ে শোয়ের শুটিং করা হবে। আগামী বছরেই শুরু হতে যাচ্ছে স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ।

নেটফ্লিক্সের আনস্ক্রিপ্টেড ও ডকুমেন্টারি সিরিজের ভাইস প্রেসিডেন্ট ব্র্যান্ডন রিগ বলেন, ‘স্কুইড গেমের পরিচালক হোয়াংয়ের গল্প ও কল্পনাশক্তি গত বছর সারা বিশ্বে ঝড় তুলেছে। আমরা তার সমর্থনের জন্য কৃতজ্ঞ।’

স্কুইড গেম একটি দক্ষিণ কোরীয় ওয়েব সিরিজ, যেটি ২০২১ সালের সেপ্টেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পায়। দ্রুতই এর জনপ্রিয়তা বাড়তে থাকে। নানা কারণে যাদের অনেক টাকার প্রয়োজন, এমন মানুষের গল্প নিয়েই স্কুইড গেম। সিরিজে দেখানো হয়েছে এমন মানুষকে স্কুইড গেমের জন্য বাছাই করা হয় যাদের টাকার খুব প্রয়োজন এবং এরা বাধ্য হয়েই এ খেলায় অংশ নেয়। জীবন-মৃত্যুর লড়াই নিয়েই এ খেলা। তবে রিয়েলিটি শোয়ে হেরে গেলে প্রতিযোগীকে কেবল পুরস্কার হারাতে হবে। এখন শুধু সময়ের অপেক্ষা নতুন এ রিয়েলিটি শো শুরু হওয়ার।

 

সূত্র: বলিউড হাঙ্গামা