জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’তে অভিনয় করে দর্শকসাড়া পাচ্ছেন। ধারাবাহিকটিতে সায়রা চরিত্রে দেখা যাচ্ছে তাকে।
সম্প্রতি নাটকটির প্রচার শুরু হয়েছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। প্রথম দিকের পর্বগুলোয় দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া তাকে অনুপ্রাণিত করছে বলে জানান সুনেরাহ। তার ভাষায়, দর্শকের পছন্দই একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি। শুটিংয়ের ব্যস্ততা, দীর্ঘ সময় ক্যামেরার সামনে থাকার চ্যালেঞ্জ সবই উপভোগ করেন তিনি।
প্রথমবার কোনো ধারাবাহিকে অভিনয় করেছেন সুনেরা। এক্ষেত্রে প্রথম হলেও ‘এটা আমাদেরই গল্প’কে ভিন্নভাবে দেখছেন তিনি। সুনেরাহ বললেন, বিষয়টি তিনি ‘ফার্স্ট টাইম’ হিসেবে দেখেননি। বরং গল্প ও চরিত্র ভালো লাগায় যুক্ত হয়েছেন। বললেন, সায়রা চরিত্রটি তার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। ভিন্ন ঘরানার দর্শকের কাছে পৌঁছার সুযোগ হিসেবেও দেখছেন এ ধারাবাহিককে।
সিনেমা ও ওটিটিতে নিয়মিত কাজ করলেও গত বছর থেকে নাটকে তাকে বেশি দেখা যাচ্ছে। কেন এ পরিবর্তন—সুনেরাহ জানান, তিনি নতুন কিছু শিখতে পছন্দ করেন। সিনিয়রদের পরামর্শেও নাটকে যুক্ত হয়েছেন। তার মতে, দেশে ওয়েব ও সিনেমার কাজ কম হওয়ায় নাটকই বেশি হচ্ছে। তবে তিনি কোনো একটি মাধ্যমকে কেন্দ্র করে সীমাবদ্ধ থাকতে চান না, গল্প ভালো লাগলেই কাজ করেন।
নিয়মিত নাটকে তাকে পাওয়া যাবে কিনা, এ বিষয়ে অভিনেত্রী জানান, তিনি খুব পরিকল্পনা করে কাজ করেন না। প্রজেক্টভেদে প্রয়োজনীয় সময় দেবেন, আর যদি সিনেমায় ব্যস্ততা বাড়ে, তবে নাটকে বিরতি আসতেও পারে।
সম্প্রতি রাবা খানের গল্পে ও আরাফাত মহসিন নিধির পরিচালনায় একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন তিনি। সিরিজটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিস্তারিত বলতে চাইছেন না।
সিনেমা ‘দাগি’ ও ‘উৎসব’-এ স্বল্প উপস্থিতির চরিত্রে অভিনয় করেও আলোচনায় আসেন সুনেরাহ। তার মতে, চরিত্র ছোট হলেও যদি গল্পে প্রভাব ফেলে, সেটাই বড় অর্জন। তিনি বলেন, ‘আমাকে পাওয়া যাবে শুধু সেখানেই, যেখানে চরিত্রের গুরুত্ব আছে। স্ক্রিনে কতক্ষণ থাকছি সেটা নয়, বরং চরিত্র কতটা ইমপ্যাক্ট তৈরি করছে, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’










