বলিউডের দাপুটে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। অসাধারণ ফ্যাশন সেন্সের কারণেই বিশ্বজুড়ে ফ্যাশন আইকন হিসেবে খ্যাতি রয়েছে এ তারকার। বলিউডের সঙ্গে হলিউডেও সমান জনপ্রিয় তিনি। প্রিয়াংকা ইতালিয়ান জুয়েলারি ব্র্যান্ড বুলগারির নতুন পণ্যদূত হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি প্যারিসে বুলগারি জুয়েলারি ব্র্যান্ডের প্রচারের জন্য একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন তিনি। বুলগারির ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়।
মঙ্গলবার বুলগারির একটি শোতে অংশ নেন সাবেক এ বিশ্বসুন্দরী। সাদা ও কালোর মিশেলে রাফেল গাউনে দেখা গেছে তাকে। মুহূর্তে তার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গাউনটি বুলগারি ইভেন্টের জন্য ডিজাইন করেছিলেন লন্ডনের ডিজাইনার রবার্ট উন। কালো গাউনটির মূল আকর্ষণ দীর্ঘ রাফেলস বর্ডার। কারণ স্লিভলেস গাউনের সাদা রাফেলসগুলো নজর কাড়ে সবার আগে। ভি নেকলাইন পোশাকটিকে আরো আকর্ষণীয় করেছে।
গাউনের সঙ্গে মানানসই চোকার নেকলেস পরেছিলেন এ বলিউড ডিভা। বুলগারি চোকার নেকলেসটিতে হীরা আর পান্না বসানো ছিল। সিঁথি করে মেসি বার্ন করে চুল বেঁধেছিলেন প্রিয়াংকা। পোশাক আর গহনার সঙ্গে সামঞ্জস্য রেখে মেকআপ খুব হালকাই রেখেছিলেন তিনি। কালো আইলাইনার, হালকা আইশ্যাডো, হাইলাইটার, গ্লসি লিপস্টিকে সেজেছিলেন প্রিয়াংকা। গলার নেকলেসের সঙ্গে মিল রেখে হীরার কানের দুল ও রিং পরেছিলেন তিনি।
প্রিয়াংকা চোপড়াকে শেষ দেখা গিয়েছিল দ্য ম্যাট্রিক্স রেজারেকশন সিনেমায়। সামনেই ফারহান আখতারের পরিচালনায় জি লে যারা সিনেমায় আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা যাবে তাকে। এছাড়া সিটাডেল, ইটস অল কামিং ব্যাক টু মি ও এন্ডিং থিং সিনেমায়ও অভিনয় করবেন প্রিয়াংকা চোপড়া।
সূত্র: বলিউড হাঙ্গামা










