প্রকাশিত হয়েছে সবচেয়ে আইই হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল ইন্ডিয়ানস। অর্থাৎ ইন্ডিয়ান এক্সপ্রেসের চোখে শীর্ষ ১০০ ক্ষমতাবান ভারতীয়দের তালিকা। এ তালিকায় রয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। শাহরুখ খান, অক্ষয় কুমার, আলিয়া ভাট ও কঙ্গনা রানাওয়াত স্থান করে নিয়েছেন এ তালিকায়।
শাহরুখ খান
ভারতীয় ক্ষমতাবানদের তালিকায় ৫৬তম অবস্থানে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নিজের অভিনয় দিয়েই এ তারকা শুধু ভারত নয়, পুরো বিশ্বের কাছে জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি বিনোদন দুনিয়ার বিভিন্ন শাখায় যুক্ত রয়েছেন শাহরুখ খান। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে এ তারকার। ভারতীয় ক্রিকেটেও যুক্ত রয়েছেন শাহরুখ খান। বিশ্বের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের পণ্যদূত এ তারকা। সম্প্রতি তার আসন্ন সিনেমা পাঠান নিয়ে ব্যস্ত রয়েছেন বলিউডের এ সফল অভিনেতা।
কঙ্গনা রানাওয়াত
বলিউডের প্রথম সারির অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সেরা অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার। ১০০ ভারতীয় ক্ষমতাবানের তালিকায় পদ্মশ্রী পুরস্কার পাওয়া এ তারকার অবস্থান ৩৪তম। বিভিন্ন সময়ে নিজের মন্তব্যের জন্য সমালোচনা চলতেই থাকে কঙ্গনাকে ঘিরে। মণিকর্ণিকায় অভিনয় করে বলিউডে নিজের অবস্থান আরো শক্ত করেছেন এ তারকা।
অক্ষয় কুমার
বলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। ভারতীয় ক্ষমতাবানদের তালিকায় ৫৪তম অবস্থান ধরে রেখেছেন এ তারকা। অভিনয়ের সঙ্গে প্রযোজনার কাজ করছেন তিনি সমানতালে। একের পর এক জনপ্রিয় সিনেমা এসেছে তার হাত ধরে। অ্যাকশন হিরো, কমিক, খলনায়ক প্রায় সব চরিত্রেই সেরা এ অভিনেতা। অক্ষয় কুমার অভিনীত বেলবটম ও সূর্যবংশী সিনেমা মহামারীকালেও বিনোদন দুনিয়া চাঙ্গা রেখেছে।
আলিয়া ভাট
ক্রমাগত নিজের সেরা কাজ দিয়ে শীর্ষ অভিনেত্রীর তালিকা ধরে রেখেছেন আলিয়া ভাট। সম্প্রতি তার ঝলক দেখালেন ক্ষমতাবান ভারতীয়দের তালিকায় ২৯তম অবস্থানে থেকে। আলিয়ার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি দিয়ে বক্স অফিসে সুপার হিট করেছে। অন্যদিকে এসএস রাজামৌলির আরআরআর বর্তমানে বক্স অফিসে ঝড় তুলেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










