যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সম্প্রতি আয়োজন করা হয়েছে ‘আনন্দ মেলা’র বিশেষ অনুষ্ঠান ‘আসিফ আকবর মিউজিক্যাল নাইট ২০২৫’। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। সঙ্গে উপস্থিত ছিলেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী আতিয়া আনিসা, যাদের দ্বৈত গান দর্শকদের মন ছুঁয়ে গেছে।

‘আনন্দ মেলা’ হলো একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা ২০১৭ সালে মোহাম্মদ আলী খানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। গত আট বছরে এ প্রতিষ্ঠান বাংলাদেশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এবং মানুষের বিপদে পাশে থেকে সমর্থন দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি মূলত যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের বাংলাদেশ ও বাংলা ভাষার সঙ্গে সম্পৃক্ত রাখার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে। মোহাম্মদ আলী খান এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও।

মোহাম্মদ আলী খান অনুষ্ঠানে বলেন, ‘এবারই প্রথম আনন্দ মেলার আয়োজনে আসিফ আকবর সংগীত পরিবেশন করেছেন। আমরা সবসময়ই বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করি, যেখানে বাংলাদেশ থেকে বহু শিল্পী অংশগ্রহণ করেন। আমাদের লক্ষ্য একটাই—পরবর্তী প্রজন্ম যেন বাংলাদেশ ও বাংলা ভাষার সঙ্গে সম্পৃক্ত থাকে। যেহেতু আসিফ আকবর যুক্তরাষ্ট্র সফরে এসেছেন, তাই তাকে বিশেষ সম্মান জানিয়ে এই ‘মিউজিক্যাল নাইট ২০২৫’ আয়োজন করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠানটি শতভাগ সফল হয়েছে। দর্শকরা প্রবল আগ্রহ নিয়ে গান উপভোগ করেছেন।’

আসিফ আকবর বলেন, ‘এ আয়োজনে আমাকে সেরা শিল্পী হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। আলী ভাইসহ সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই, যারা অনুষ্ঠানে এসেছিলেন এবং সফল করতে সহায়তা করেছেন তাদের প্রতিও ভালোবাসা।’

আতিয়া আনিসা বলেন, ‘জীবনের প্রথম যুক্তরাষ্ট্র সফরটি আনন্দ মেলার আয়োজনের কারণে অত্যন্ত অর্থবহ হয়ে উঠেছে। আমাকে ২০২৫-এর বেস্ট সিঙ্গার হিসেবে সম্মাননা দেয়া হয়েছে। পুরো আয়োজনটি ছিল ভীষণ পরিপাটি এবং গানে গানে উচ্ছ্বাসে ভরপুর। কৃতজ্ঞতা প্রকাশ করছি আসিফ আকবর ভাই, আলী ভাই এবং আনন্দ মেলার সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি।’