কোরিয়ান পপ ব্যান্ড বিটিএসের ভক্ত জন সিনা। বহুবার তিনি ব্যান্ডটির প্রতি তার ভালো লাগা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিটিএসের ছবি শেয়ার করার পাশাপাশি নানা সাক্ষাত্কারেও বলেছেন, বিটিএস তাকে সাহায্য করেছে। তিনি বলেন, ‘দুর্বলতম সময়ে আমাকে সাহায্য করার জন্য আমি কে-পপ ও বিটিএসকে ধন্যবাদ দিতে চাই।’ রেসলিং ও অভিনয়ের পাশাপাশি জন সিনা লেখালেখিও করেন। তিনি এলেন ডিজেনেরসের শোয় তার দুটো বইয়ের প্রচারে হাজির হয়েছিলেন। বইগুলো নিজের যত্ন সম্পর্কিত। সিনা নিশ্চিত ছিলেন না যে একজন রেসলারের লেখা এ ধরনের বই সাধারণ মানুষ কীভাবে গ্রহণ করবে।

বই নিয়ে কথা বলতে গিয়েই জন সিনা বিটিএসের প্রসঙ্গ আনেন। তিনি বলেন, ‘বইগুলো করা সম্ভব হয়েছে, কেননা বিটিএস আর্মিরা (বিটিএস ফ্যানরা নিজেদের আর্মি বলে) নিজেদের যত্ন নেয়ার মতো সাহসী।’ 

বিটিএসের সঙ্গে জন সিনার পরিচয়ের ঘটনাটিও কৌতূহলোদ্দীপক। সিনা বলেন, ‘আমার একসময় মনে হলো জনপ্রিয় এ ব্যান্ড সম্পর্কে জানা উচিত। যখন শুনতে শুরু করলাম, অবাক হয়ে দেখলাম এখানে র্যাপ আছে, তারা সিক বিট ব্যবহার করে। আমি তাদের মিউজিক পছন্দ করতে শুরু করি। পরে মনে হলো গানের মূল বিষয়টি বুঝতে হবে। দেখলাম তারা নিজের যত্ন, ব্যর্থতাকে ভয় না পাওয়া এবং ব্যক্তির ইতিবাচক দিকগুলো দেখায়। তারা অসাধারণ পারফরমার, কিন্তু তাদের বার্তাগুলো আরো গুরুত্বপূর্ণ।’

 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস