সুদীর্ঘ ২৯ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত বিশ্বরঙ। এ ২৯ বছরে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান শিল্পী উপহার দিয়েছে। যারা নিজস্ব প্রতিভায় প্রতিনিয়ত আলোকিত করছে দেশের মিডিয়া অঙ্গনকে। বিশ্বরঙের আয়োজনে ‘২০-২০ কালারস’ এবং বাসন্তী সুন্দরী ও ‘শারদ সাজে বিশ্বরঙের দিদি’ প্লাটফর্ম থেকে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাই এখন মিডিয়া জগতের নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন সবাইকে, তারা হয়তো আগামী সময়ের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। এবার সে ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নবীন উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে বিশ্বরঙ এবং ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। এরই মধ্যে নবীন উদ্যোক্তা বিচরণ ‘উদ্যোক্তা ভূমি’র প্রথম বৈঠক ঢাকায় শেষ হয়েছে। সে ধারাবাহিকতায় রাজশাহী নগরীর নবীন উদ্যোক্তাদের অনুরোধে ‘উদ্যোক্তা ভূমি’ এবার রাজশাহীতে।

আগামী শুক্রবার (৩০ আগস্ট) রাজশাহীর সব নবীন উদ্যোক্তাদের নিয়ে সারা দিনব্যাপী এক আড্ডার আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা ভূমির রাজশাহী পর্বের সার্বিক সহযোগিতা ও আয়োজনে আছে মাহি বুটিক হাউজ এবং উদ্যোক্তা মুন্নি আক্তার। শুক্রবার নগরীর সীমান্ত সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে চলবে উদ্যোক্তা ভূমির আড্ডা।