বহু দূরের এক গ্রহে নিজেদের আবিষ্কার করে তারা। সম্পূর্ণ নতুন এক জগৎ। সেখানে তাদের মোকাবেলা করতে হবে মহাবিশ্বের সবচেয়ে ভয়ংকর প্রাণীদের সঙ্গে। এলিয়েনদের নিয়ে এমনই এক গল্পে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ৯ মার্চ থেকে এ সিনেমার নির্মাণকাজ শুরু হবে। ওয়াল্ট ডিজনির টোয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওজ সিনেমার গল্প এবং কলাকুশলীদের নাম ঘোষণা করেছে। তবে সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি।
সিনেমায় ভিনগ্রহের প্রাণীদের মোকাবেলা করবেন ডেভিড জনসন, অর্চি রেনক্স, ইসাবেলা মার্চেদ, স্পাইক ফার্ন ও অ্যাইলিন উ। তাদের নেতৃত্ব দিবেন কাইলি স্পেইনি।
সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করবেন ফেড আলভারেজ। চিত্রনাট্যও তারই রচনা। রিডলি স্কট ও মাইকেল প্রুস নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন। এদের সঙ্গে আরো যুক্ত হচ্ছেন ব্রেন্ট ও’কনোর, এলিজাবেথ ক্যানটিলন ও টম মোরান।
এলিয়েন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা এলিয়েন। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমা পরিচালনা করেছিলেন রিডলি স্কট। এরপর এলিয়েনস, এলিয়েন থ্রি ও এলিয়েন রেজারেকশন নামে এর তিনটি সিকুয়াল তৈরি হয়। ২০০৪ সালে তৈরি হয় প্রিডেটর ও এলিয়েনের যৌথ গল্পের সিনেমা। সে বছর এলিয়েন ভার্সাস প্রিডেটর সিনেমা মুক্তি পায়। সে ধারাবাহিকতায় অ্যালিয়েনস ভার্সাস প্রিডেটর: রিকুয়েম মুক্তি পায় ২০০৭ সালে।
এলিয়েনের প্রিকুয়েল সিরিজের প্রথম সিনেমা প্রমিথিউস ২০১২ সালে মুক্তি পেয়েছিল। দ্বিতীয় সিনেমা অ্যালিয়েন: কোভেন্যান্ট মুক্তি পায় ২০১৭ সালে। প্রিকুয়েল, সিকুয়াল এবং ক্রসওভার সিরিজ মিলিয়ে এলিয়েন ফ্র্যাঞ্চাইজির এ পর্যন্ত মোট ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। নবম সিনেমার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
সূত্র: ভ্যারাইটি










