স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ২৬-এ প্রদর্শিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘নোনা জলের কাব্য’। ৮ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোয় স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সম্মেলনের অফিশিয়াল গ্রিন জোন হিসেবে আখ্যায়িত গ্লাসগো সায়েন্স সেন্টারের আইম্যাক্স থিয়েটারে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পৃথিবীর প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। এত বড় পরিসরে চলচ্চিত্রটি দেখাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

নোনা জলের কাব্য সিনেমার পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত এ সম্মেলনে যোগদানের জন্য বর্তমানে গ্লাসগোয় অবস্থান করছেন। পরিচালক জানান, দেশের সমুদ্র উপকূলবর্তী প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই এবং তাদের সামাজিক রীতিনীতি ও সংস্কার এ চলচ্চিত্রের মূল বিষয়।

এছাড়া লন্ডন, বুসান, গুটেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটল, সিঙ্গাপুরসহ বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘নোনা জলের কাব্য’। ২৬ নভেম্বর ছবিটি বাংলাদেশী দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নোনা জলের কাব্য সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, তাসনোভা তামান্না প্রমুখ। আবহসংগীত পরিচালনা করেছেন অর্ণব। সিনেমাটি প্রযোজনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত ও ফরাসি প্রযোজক ঈলান জিরার্দ। সিনেমাটোগ্রাফি করেছেন লস অ্যাঞ্জেলেসে বসবাসরত থাই শিল্পী চানানুন চতরুংগ্রোজ। তিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের স্পিরিট অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন।