বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামানকে স্মারক সম্মাননা প্রদান করল বৈশাখী টেলিভিশন। ক্রেস্ট তুলে দেন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এ সম্মানপ্রাপ্তিতে দিলারা জামান আবেগাপ্লুত হয়ে পড়েন। সম্মাননার জন্য তিনি বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পহেলা বৈশাখ বেলা সাড়ে ১১টায় বর্ষবরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের বিভাগীয় প্রধানরা। বর্ষবরণ অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদককে উত্তরীয় পরিয়ে সম্মানীত করা হয়।
সকালে শুরু হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গান, পাপেট শো, পালা গান, মুড়িমুড়কি আর পান্তা আয়োজনে উৎসবমুখর থাকে বৈশাখী টেলিভিশন কার্যালয়। সংগীত পরিবেশন করেন লামিয়া ঐশ্বর্য, পাখি বাউলিয়ানা, নুসরাত সাথী, ইসফাত আরা রনি, বাউল গরীব মোক্তার, এমআর মানিক, রনি আহমেদ ও বৈশাখীর গানের দল। পহেলা বৈশাখেই আত্মপ্রকাশ ঘটে বৈশাখীর গানের দলের। এ গানের দলের মূল ভোকাল বৈশাখী টেলিভিশনের ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান গান গেয়ে উপস্থিত সবাইকে মাতোয়ারা করে রাখেন। ফান শোয় অংশ নেন নাট্য পরিচালক রোমান রুনি, পাপেট শোভেন্ট্রিলোকুইজম প্রদর্শন করেন স্বপ্নীল সোহেল। সবশেষে ছিল পালা গান ‘অরবলা সুন্দরী’। বৈশাখী টেলিভিশনে অনুষ্ঠান বিভাগে কর্মরত আনু মোহাম্মদের পরিবেশনায় এ পালা গানে অংশ নেন সৌজন্য অধিকারী, রজব আলী, রিফাত বিন কাউসার, শাহীনূর রহমান ও বাউল গরীব মোক্তার।










