দীর্ঘদিন আটকে থাকার পর মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি। পাঁচ বছরের বেশি সময় আটকে ছিল এ সিনেমা। দেশের বাইরে মুক্তি পেলেও নানা কারণে দেশে মুক্তিতে বাধা ছিল। অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে জানালেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

তিনি বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে আমরা এখনই সিনেমাটি মুক্তি দিতে চাই না। আমরা আশাবাদী শনিবার বিকেল শিগগিরই সেন্সর ছাড়পত্র পাবে। সব ঠিক থাকলে আগামী নভেম্বরে দর্শক সিনেমাটি দেখতে পারবে।’

২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলাকে উপজীব্য করে নির্মাণ হয়েছে শনিবার বিকেল। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, প্যালেস্টাইনের ইয়াদ হুরানিসহ অনেকে।

এর চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কাজাখস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ। যিনি ২০১৩ সালে ‘হারমনি লেসন’ সিনেমার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার সিলভার বিয়ার জয় করেন।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন আব্দুল আজিজ, মোস্তফা সরয়ার ফারুকী ও আনা কাচকো। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো হলো জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রডাকশন।

সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও দেশের বাইরে মুক্তি পেয়েছে। এ প্রথম দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত সিনেমা বলে সিনেমাটি নিয়ে দর্শকের মাঝেও তুমুল আগ্রহ রয়েছে।