ছোট পর্দায় নিয়মিত নাটক নির্মাণ করছেন কাজল আরেফিন অমি। গত রোজার ঈদে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে কাজল আরেফিন অমি ‘হোটেল রিলাক্স’ সিরিজ দিয়ে নতুন সূচনা করেন। এটি ছিল অমির প্রথম ওয়েব সিরিজ। ঈদুল ফিতরে সিরিজটি ওটিটি প্লাটফর্ম বঙ্গে অতীতের সব রেকর্ড ভাঙল। বঙ্গ কর্তৃপক্ষ জানান, মাত্র ৬৭ ঘণ্টায় সিরিজটি ১ কোটি মিনিট দেখেছেন দর্শক, যা রীতিমতো রেকর্ড।
নতুন খবর হলো ফের ওয়েব দুনিয়ায় কাজ করছেন এ নির্মাতা। সম্প্রতি দুটি নতুন কাজে চুক্তিবদ্ধ হয়েছেন অমি। তার একটি ওয়েব সিরিজ, অন্যটি ওয়েব ফিল্ম। দুটি নির্মাণই আসবে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গবিডির ব্যানারে। ২৬ মে অমির সঙ্গে বঙ্গর চুক্তি সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমানসহ আরো অনেকে। অমি পরিচালিত নতুন সিরিজটির নাম ‘আন্ডারওয়ার্ল্ড’। ওয়েব ফিল্মও নির্মাণ করবেন তিনি। ওয়েব ফিল্মটির নাম ‘অসময়’।
আসন্ন নির্মাণ দুটি নিয়ে জানতে চাইলে কাজল আরেফিন অমি বলেন, ‘আমি প্রথমেই ধন্যবাদ জানাই দর্শককে, যাদের ভালোবাসায় আমার বেড়ে ওঠা। আমার জীবনের প্রতিটি ধাপে এগিয়ে চলার অনুপ্রেরণা আমার দর্শক। হোটেল রিল্যাক্সের সফলতায় আমি বলব, দর্শকের ভালোবাসায় সেটা হয়েছে, তাই এ প্লাটফর্মে আমি আবার কাজ করতে যাচ্ছি। ওয়েব ফিল্ম সম্পর্কে বলতে চাই, এটা এমনভাবে বানাতে চাই যেন দর্শক শেষ না করে উঠতে না পারে।’
কারা থাকছেন আসন্ন কনটেন্টগুলোয়, সেটি এখনো খোলাসা করছেন না এ নির্মাতা। অভিনেতা-অভিনেত্রীদের বিষয়ে জানতে চাইলে অমি বলেন, ‘দ্রুতই শিল্পী নির্বাচন সম্পন্ন করে শুরু হবে সিরিজ ও সিনেমাটির শুটিং। আমরা দেশের জনপ্রিয় শিল্পীদের কথাই মাথায় রেখেছি।’
বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘কাজল আরেফিন অমি একজন জনপ্রিয় নির্মাতা। তার হোটেল রিলাক্স সিরিজটি আমাদের বেশ সাফল্য এনে দিয়েছে। আশা করছি তার সঙ্গে নতুন যাত্রাও সাফল্যের হবে।’
ওটিটি প্লাটফর্ম বঙ্গে এখন স্ট্রিমিং হচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্স।










