হঠাৎ হারিয়ে গিয়েছিলেন নার্গিস ফাখরি। রকস্টার দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল তার। বেশকিছু সিনেমার পর হঠাৎ অভিনয়ে বিরতি নিলেন। সম্প্রতি জানিয়েছেন, তেলেগু সিনেমার মাধ্যমে ফিরবেন তিনি। বিরতি নেয়ার রহস্যও প্রকাশ করেছেন নার্গিস। তিনি বলেছেন, মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে বিরতি নিয়েছিলেন।

নার্গিসের ক্যারিয়ারে সিনেমার সংখ্যা খুব বেশি নয়। তবে রকস্টার মুক্তির পর বেশকিছু কাজ করেছিলেন তিনি। মাদ্রাজ ক্যাফে, ফাটা পোস্টার নিকলা হিরো, ম্যায় তেরা হিরো ও হলিউডের স্পাই এর মধ্যে অন্যতম। পরবর্তী সময়ে আজহার, হাউজফুল থ্রির মতো ব্যবসাসফল সিনেমা রয়েছে তার ঝুঁলিতে। কিন্তু সে সময় কাজ বাড়িয়ে দেয়ার বদলে যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের কাছে ফিরে যান নার্গিস। এ সিদ্ধান্ত প্রসঙ্গে একটি সাক্ষাত্কারে নার্গিস বলেন, ‘কোথাও না কোথাও আমার মনে হচ্ছিল আমি অতিরিক্ত কাজ করে ফেলছি। ক্লান্ত হয়ে গিয়েছিলাম। একের পর এক সিনেমা করছিলাম এবং সবকিছু খুব দ্রুত ঘটছিল। মনে হলো আমার থামা দরকার। শরীর ও মনের একটা ভারসাম্য আনা প্রয়োজন। তখন আমি এ পদক্ষেপ নিই।’

নার্গিস আরো বলেন, অনেকেই এ ধরনের সিদ্ধান্ত নিতে ভয় পান। মনে করেন তারা হারিয়ে যাবেন। তবে নার্গিস মনে করেন মাঝে মাঝে মানসিক স্বাস্থ্যের স্বার্থে কখনো কখনো বিরতি নেয়া উচিত। এক্ষেত্রে নার্গিস এ ইন্ডাস্ট্রির বাস্তবতা জানেন, যেখানে বোঝানো হয় চোখের আড়াল হলেই হারিয়ে যেতে হবে। তবে নার্গিসের বক্তব্য নিজেকে সময় দিলে কেউ হেরে যায় না। বরং নতুন করে ফিরে আসা যায়।

নার্গিসও ফিরে আসছেন নতুন করে। শেষ তাকে ২০২০ সালে নেটফ্লিক্সের সিনেমা তোড়বাজে দেখা গিয়েছিল। সঞ্জয় দত্ত ও রাহুল দেবের সঙ্গে সে সিনেমায় অভিনয় করেছিলেন নার্গিস। এখন হরি হর ভীরা মাল্লু সিনেমার শুটিং করছেন তিনি। নার্গিসের বিপরীতে থাকছেন পবন কল্যাণ।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস