নাট্যসংগঠন স্বপ্নদল উদযাপন করছে তাদের ৬০তম মঞ্চায়ন। এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে। এ আয়োজনে মঞ্চস্থ হবে দেশ-বিদেশে প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’।
নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এতে অভিনয় করছেন জুয়েনা শবনম।
দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হেলেন কেলার কীভাবে প্রবল আত্মবিশ্বাস এবং শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় সব বাধা-বিপত্তি অতিক্রম করে এগিয়ে যান, সেই গল্প ঘুরে ফিরে তুলে ধরা হয়েছে। নাটকে হেলেন কেলার তার শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি ও আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধি তুলে ধরেন।
এছাড়া নাটকে দেখা যাবে পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রদর্শনের প্রভাব। নাটকে নারীজাগরণ, মানবতাবাদ ও যুদ্ধ, ধ্বংস, সহিংসতা, বর্ণবাদ এবং আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানও ফুটে উঠেছে। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ, আর প্রযোজনা-ব্যবস্থাপনার দায়িত্বে শাখাওয়াত শ্যামল।
প্রসঙ্গত, স্বপ্নদল নিয়মিত সফল মঞ্চায়নের পাশাপাশি ‘হেলেন কেলার’ প্রযোজনা জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এবং ভারতের চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়েছে। এছাড়া দেশের বাইরে ছয়টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে সম্প্রচারিত হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও খ্যাতি অর্জন করেছে।










