শহরে চলছে নতুন এক প্রদর্শনী। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে ২৯ সেপ্টেম্বর শুরু হয়েছে ‘বিয়ন্ড দ্য গেজ’। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন আশিমা রাইজাদা, যতীন গুলাটি, রিতিকা শর্মা, কুঙ্গা তাশি লেপচা, রিনোশান সুসিমন, অনিরুদ্ধ সরকার ও আরশাদুল হক রকি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ও সমালোচক মোস্তফা জামান এবং সমালোচক মঈনুদ্দিন খালেদ।
প্রদর্শনীটিতে ‘বিয়ন্ড দা গেজ ২০২৩-২৪’ আন্তর্জাতিক কর্মশালার শিক্ষার্থীদের কাজ প্রদর্শিত হচ্ছে। মূর্তি নায়ক ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মশালার সহযোগিতায় ছিল ফটো সাউথ এশিয়া।
বিয়ন্ড দা গেজ মূলত ছয় মাসব্যাপী কর্মশালার অংশ যেখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলংকার ১০ তরুণ আলোকচিত্রী। আশফিকা রহমানের উদ্যোগে কর্মশালাটির পরিচালনায় ছিলেন সৌম্য সরকার বোস (ভারত) ও আশফিকা রহমান (বাংলাদেশ) এবং সম্পাদনা করেছেন তানভি মিশ্রা (ভারত)।
এ কর্মশালায় অংশগ্রহণকারীদের একটি ব্যাপক আলোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে, যেখানে আলোকচিত্রকে একটি সামাজিক হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়েছে। কর্মশালাটি অন্য একটি নতুন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণের চেষ্টা করেছে, যা তাদের নিজস্ব ও পারস্পরিক সহযোগিতামূলক বর্ণনার অনুসন্ধানের প্রতি নিবেদিত ছিল। অংশগ্রহণকারীদের একটি নতুন আখ্যান তৈরি করার চ্যালেঞ্জ দেয়া হয় যা শুধু তথ্য সংরক্ষণ নয়, বরং সম্ভাবনার গভীর উপলব্ধি ও সমগ্র সম্প্রদায়কে সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে।
প্রদর্শনীতে শিল্পীরা জীবনের অভিজ্ঞতা, পারিবারিক ইতিহাস, রাষ্ট্রীয় কাহিনী, গল্প, পৌরাণিক কাহিনী ও সম্মিলিত স্মৃতির মাধ্যমে আকর্ষণীয় বিষয়গুলো অনুসন্ধান করেছেন। এ গ্রুপ প্রদর্শনী সময়ের একটি প্রতিচ্ছবি, যেখানে উত্তরাধিকার, পরিচয়, দৃষ্টি, নিয়ম, সিস্টেম ও নিজেকে একটি নির্দিষ্ট ধারণার বাইরে কল্পনা করা হয়েছে। বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার শিক্ষার্থীরা কাজের মাধ্যমে তাদের গল্প তুলে ধরেছেন, যা আমাদের বর্তমান অবস্থাকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করে। প্রদর্শনী চলবে আগামীকাল পর্যন্ত বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। এটি সবার জন্য উন্মুক্ত।










