বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত কণ্ঠ দিলশাদ নাহার কণা। বর্তমানে তার কণ্ঠের চাহিদা ও জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষত তার কণ্ঠে ‘দুষ্টু কোকিল’ গানটি সুপারহিট হওয়ার পর তিনি চলে আসেন সবচেয়ে বেশি আলোচনায়। যে কারণে স্টেজ শোতে দেশ-বিদেশেও তার চাহিদা বেড়ে যায় আগের তুলনায় অনেক বেশি। এরই মধ্যে কণা বেশকিছু মৌলিক গানের কাজ শেষ করেছেন। কণ্ঠ দিয়েছেন নাটকের গানেও। সম্প্রতি ‘নয়নের আলো’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ গান একটি নাটকে ব্যবহার হবে। গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি লিখেছেন সালমা সুলতানা, সুর করেছেন শফিক তুহিন। কণার সঙ্গে এ গানে কণ্ঠও দিয়েছেন শফিক তুহিন। সংগীতায়োজন করেছেন সালমান জায়েম।

নয়নের আলো প্রসঙ্গে কণা বলেন, ‘ঠিক কত বছর পর শফিক তুহিন ভাইয়ের সুরে গান গেয়েছি তা ঠিক মনে নেই। তবে বহু বছর পর তার সুরে গান গাইলাম। শফিক তুহিন ভাই সবসময়ই চমৎকার সুর করেন। কিছুদিন আগে তার সুরে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামও একটি গান করেছেন। সে গানটি আমার খুব ভালো লেগেছে। নয়নের আলো গানটিও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গানটির শিরোনাম যেমন সুন্দর, গানের কথাও সুন্দর। সুর তো অসাধারণ। খুব ভালো লেগেছে গানটি গেয়ে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’

এদিকে আগামী ৭ নভেম্বর ঢাকার অদূরে গাজীপুরে একটি শোতে গান গাইবেন কণা। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্ব সুন্দরী’ সিনেমায় গান গেয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন কণা। আনুষ্ঠানিকভাবে তার কণ্ঠে গাওয়া প্রথম গানটি ছিল ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’। জীবনের প্রথম কোনো গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ শিল্পী দ্বিতীয় স্থান অর্জন করেন, আর তাও মাত্র পাঁচ বছর বয়সে। কনা তার সংগীতজীবন শুরু করেন ২০০০ সালে। কণার প্রথম অ্যালবাম ‘জ্যামিতিক ভালবাসা’ ২০০৬ সালে প্রকাশ পায়।