মাগুরায় যৌন নির্যাতনের শিকার আট বছর বয়সী শিশু আছিয়াকে নিয়ে গান গাইলেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। ‘মাগুরার ফুল’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। হৃদয়স্পর্শী গানটিতে আরো কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী মৌটুসী খান, মৌলি মজুমদার ও মৌমিতা বড়ুয়া।

সম্প্রতি গানটির ভয়েস রেকর্ডিং ও মিক্স মাস্টারিংসহ অডিওর সব কাজ সম্পন্ন হয়েছে। গানটির সংগীতায়োজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান। এটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে। গানটি শিগগির প্রকাশ হবে। একই সঙ্গে ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এবং ‘মাহবুবুল এ খালিদ’ ফেসবুক পেজসহ বিভিন্ন মাধ্যমে এটি প্রকাশ ও প্রচার হবে।

উল্লেখ্য, স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গান লিখে থাকেন। এরই মধ্যে তার লেখা ৫০০-এর বেশি গান খালিদ সংগীত ব্যানারে প্রকাশ হয়েছে। তার লেখা বেশির ভাগ গানে গীতিকার নিজেই সুরারোপ করেছেন। নির্যাতিত ও হত্যার শিকার মানুষ নিয়ে মাহবুবুল খালিদের লেখা আরো অনেক গানের মধ্যে রয়েছে ফেলানী, আদুরী ইত্যাদি।

মাগুরায় মাত্র আট বছর বয়সী শিশু আছিয়ার ওপর ভয়াবহ নির্যাতন ও করুণ মৃত্যুর ঘটনায় মর্মাহত হয়ে কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ এ ঘটনার প্রতিবাদে মাগুরার ফুল শিরোনামের হৃদয়স্পর্শী গানটি রচনা ও সুরারোপ করেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য মানুষকে সচেতন করার উদ্দেশ্যে গানটি লেখা।