ভৌতিক গল্পনির্ভর কাজগুলো খুব সহজভাবেই পর্দায় ফুটিয়ে তুলতে পারেন ভারতীয় সিনেমা নির্মাতা আদিত্য সরপোতদার। তিনি কেবল হিন্দি নয়, মারাঠি ভাষায়ও তৈরি করেছেন বেশকিছু সংখ্যক সিনেমা। যদিও মারাঠি ফিল্ম দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল আদিত্যের, তবে বর্তমানে আলোচনায় আছেন হিন্দি ফিল্ম ‘মুঞ্জ্যা’ নিয়ে। আদিত্য মুঞ্জ্যার পর পরই ‘কাকুড়া’ সিনেমাটি নিয়েও বেশ প্রশংসা পেয়েছেন। বলা যায়, একের পর এক সুপারহিট সিনেমায় ক্যারিয়ারের মোড় পাল্টে গেছে তার। এ দুটি সিনেমাই একই ধারার, রোমাঞ্চক, হাস্যরসযুক্ত ও ভৌতিক গল্পে নির্মিত। গণমাধ্যম ইয়নের সঙ্গে একটি সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের সবচেয়ে হিট এ দুটো সিনেমা নিয়ে কথা বলেছেন নির্মাতা আদিত্য। জানিয়েছেন, এ অসাধারণ গল্প নির্মাণের পেছনের নানা বিষয়। 

সেখানে জানতে চাওয়া হয়েছিল পর পর দুটো ভৌতিক, হাস্যরসযুক্ত ও হিট সিনেমা তৈরির পর তার অনুভূতি সম্পর্কে। 

আদিত্য বলেন, ‘নিজের কাজের জন্য প্রশংসা পেলে খুবই ভালো লাগে। সেই সঙ্গে এটি ছিল দীর্ঘ অপেক্ষার পর পাওয়া। কারণ দর্শক কীভাবে এগুলো গ্রহণ করছে, তা দেখার জন্য আমাকে দীর্ঘ অপেক্ষার প্রহর কাটাতে হয়েছে। তবে আমি মনে করি, মুঞ্জ্যার বিশাল সাফল্য কাকুড়ার সাফল্য বয়ে আনতে সহায়তা করেছে।’

এর বাইরে আদিত্য আরো মনে করেন, ভারতীয় দর্শক এখন ভৌতিক গল্প অনেক পছন্দ করে। তিনি এ সিনেমা দুটির সাফল্যের মধ্য দিয়ে তা বুঝতে পেরেছেন। গল্প যেখানে ভূত নিয়েই হচ্ছিল সেখানে প্রশ্ন ছিল, আদিত্য তার সিনেমাগুলোয় পারফেক্ট ঘোস্ট কীভাবে খুঁজে পান। ‘আমি মনে করি, দর্শক ভৌতিক ও হাস্যরসযুক্ত সিনেমাগুলো দেখতে যায়, কারণ তারা জানে এমন ধরনের সিনেমা বিনোদনের সবচেয়ে সেরা মাধ্যম। দুটো সিনেমায়ই আমি চেষ্টা করেছি একদম স্থানীয় গল্পের মধ্য দিয়ে শুরু করতে। যেখানে হাস্যরসও তৈরি হয়েছে লোকজ বিষয়গুলোর মধ্য দিয়েই,’ বলেন আদিত্য। 

তবে আদিত্য যে কেবল হাসির গল্প নিয়ে সিনেমা বানান, তা নয়। তার কাজগুলোয় থাকে বিশেষ কিছু সামাজিক বার্তাও। তিনি মনে করেন, দর্শক যাতে পরিবার নিয়ে সিনেমা উপভোগ করতে পারে, এমন সিনেমাই প্রয়োজন। এর বাইরে ভারতে বেশির ভাগ ভৌতিক গল্পনির্ভর সিনেমাগুলোয় নারী চরিত্র দেখা যায়। এমন প্রশ্নে আদিত্য বলেন, ‘মুঞ্জ্যা ও কাকুড়া এ দুই সিনেমায় ভিকটিম হিসেবে নারী চরিত্র বেছে নিইনি। আমি মনে করেছি, এখনই সময় পরিবর্তন নিয়ে আসার। ভিন্ন গল্প বলার। আমার দুটো সিনেমায়ই নারীরা পুরুষের সামনে নেতৃত্ব দিচ্ছে।’ বলা যায়, আদিত্যের এমন সব ভাবনার জন্যই তার দুটো সিনেমাই দর্শকপ্রিয়তা পেয়েছে। আদিত্যকে সামনে দেখা যাবে হটস্টারে একটি অ্যাডভেঞ্চারপূর্ণ সিরিজ পরিচালনায়। 

সূত্র: ইয়ন