অ্যাটলি কুমারের পর এবার সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ খানের লুক ও পারফরম্যান্স আবারো বদলাচ্ছে। এবার তিনি আসছেন অ্যাকশন অবতারে। অবশ্য শাহরুখকে পুরোদস্তুর অ্যাকশন অবতারে সিদ্ধার্থই এনেছিলেন। পাঠানে শাহরুখকে দেখা গিয়েছিল স্পাই চরিত্রে। এরপর অ্যাটলির রেকর্ড ব্রেকিং সিনেমা ‘জওয়ান’। এবার সিনেমায় কিং খান আসছেন নতুন লুকে। আজ তার জন্মদিনে সিনেমার টাইটেল প্রকাশ হলো।
টাইটেল প্রকাশের টিজারে শাহরুখকে দেখা গেল মারমুখী অবস্থায়। তার চুল সাদা। শরীরে ট্যাটু। তিনি নির্দয়ভাবে একে তাকে মেরে যাচ্ছেন। হলিউডি অ্যাকশন সিনেমার ধারায় এ অ্যাকশন কোরিওগ্রাফি করা হয়েছে তা দেখেই বোঝা যায়। তবে প্রকাশের পর পরই শাহরুখ খানের ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। শেয়ারে শেয়ারে ভরে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম। নিশ্চিতই বাদশাহ তার নতুন অবতারে সবাইকে মুগ্ধ করেছেন।
২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া এ সিনেমায় অভিষেক হচ্ছে শাহরুখকন্যা সুহানার। সিনেমাটি নিয়ে কথা হচ্ছে অন্তত দেড় বছর ধরে। প্রথমে এ সিনেমার নির্মাতার দায়িত্ব দেয়া হয়েছিল সুজয় ঘোষকে। এরপর তার সঙ্গে সৃজনশীল সিদ্ধান্ত না মেলায় নিয়ে আসা হয় সিদ্ধার্থ আনন্দকে। পাঠানের সাফল্য এতে প্রভাব রেখেছে মনে করা হয়। সুহানার অভিষেকে কোনো খামতি রাখছেন না শাহরুখ। সিনেমায় নিজে যুক্ত হয়েছেন। সেই সঙ্গে আছেন অভিষেক বচ্চন, আরশাদ ওয়ার্সি, অনীল কাপুরম জ্যাকি শ্রফের মতো অভিনেতা। সর্বশেষ সংযুক্তি দীপিকা পাড়ুকোন। সেই সঙ্গে আছেন জয়দীপ আহলাওয়াত।
শাহরুখ খানের এ নতুন অবতার নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শোর উঠেছে। দর্শক পছন্দ করেছেন তার লুক। ৪ ঘণ্টায় ইউটিউবে ৩৫ লাখ ভিউ পেয়েছে কিংয়ের টাইটেল টিজার।










